আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে মাঠে দর্শক ফিরতে পারেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক রাখার চেষ্টা করছেন তারা। আজ দুপুরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সরদের নাম ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ রাউন্ডে অল্প কিছু দর্শক ঢোকার অনুমতি মেলে, তাও টিকিটগুলো দেয়া হয়েছিল শুধু ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। আফগানিস্তান সিরিজে দর্শক থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে টিটু বলেন, এ ব্যাপারে কথাবার্তা চলছে। আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার থেকে যে নির্দেশনা পেয়েছি, তাতে চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক যেন থাকে-এরকম একটা আলোচনা হয়েছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে অন্তত ৫০ শতাংশ দর্শক খেলা দেখার সুযোগ পেতে পারেন। তা নাহলেও চট্টগ্রামে অন্তত ৩-৪ হাজার আর ঢাকায় ৫-৬ হাজার দর্শক থাকবে।
আবার বিপিএলের শেষ দিকে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালুর প্রতিশ্রুতি থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। এবার আফগান সিরিজে ডিআরএস ফিরছে বলে জানালেন এই টিটু। তিনি বলেন, ডিআরএস নিয়ে সিদ্ধান্ত হয়েছে। বিপিএলের শেষাংশ থেকেই ডিআরএস থাকার কথা ছিল। আমাদের যন্ত্রাংশ সব ছিল। কিন্তু যারা ডিআরএস পরিচালনা করে, তারা উপস্থিত হতে পারেনি। তবে আফগানিস্তান সিরিজে সবাই চলে আসবে এবং চট্টগ্রাম থেকেই ডিআরএসের ব্যবহার দেখা যাবে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে দুশ বছরের পুরনো কোম্পানি ইস্পাহানি। আর পাওয়ার স্পন্সর হয়েছে গত ৭-৮ বছর ক্রিকেটের পরিচিত মুখ ওয়ালটন। সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইস্পাহানি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’
মিডিয়া ব্রিফিংয়ে টিটু ছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানির মার্কেটিং বিভাগের জিএম ওমর হান্নান, ডিজিএম শাহ্ মোহাম্মদ দিদারুল হাসান, ওয়ালটনের নির্বাহী পরিচালক ও সিএমও মোহাম্মদ ফিরোজ আলম। ব্রিফিং শেষে সিরিজের লোগো উন্মোচন করা হয়।
সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টি২০। ওয়ানডে ম্যাচগুলো চট্টগ্রামে ও টি২০ ম্যাচগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে।










