ত্রিদেশীয় টি২০ সিরিজে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। বৃহস্পতিবার ভোরে একই সময় পাকিস্তানের বিপক্ষে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

 

ত্রিদেশীয় সিরিজে কাল তৃতীয় ম্যাচ খেলবে শ্রীরাম শ্রীধরণের দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে ১৬৮ রানের টার্গেটে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান ফিরলেও দলের ভাগ্য পরিবর্তন হয়নি। ওই ম্যাচে কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে নখদন্তহীন বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ধুকতে থাকা সাকিবরা ৮ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হন। পরে ১৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় কিউইরা।

 

সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তান উভয় দলেরই সংগ্রহ সমান চার পয়েন্ট করে, আর বাংলাদেশের ঝুলিতে শূন্য। প্রত্যেকে একে অপরের বিপক্ষে দুবার করে খেলার পর টেবিলের শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

 

এদিকে, বাংলাদেশ দুটি ম্যাচে হেরে গেলেও খেলোয়াড়দের পারফরম্যান্স থেকে ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ। তিনি নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, নাজমুল হোসেন শান্তসহ বাকিদের পারফরম্যান্সে খুশি ও উন্নতি দেখছেন। বিশেষ করে ইয়াসির যেভাবে পাকিস্তানের হারিস রউফকে খেলেছেন, আর সর্বশেষ ম্যাচে নুরুল যেভাবে কিউই পেস তারকা ট্রেন্ট বোল্টকে খেলেছেন তা মুগ্ধ করেছেন ভারতীয় শ্রীধরণকে।

 

সাকিব ফেরায় আশাবাদী ক্রিকেট দলের এই কনসালট্যান্ট আজ বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বলেন, সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়েছে। আফিফ (হোসেন) ও লিটন (দাস) যদি নিজেদের মেলে ধরতে পারে তবে আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।

 

গত ম্যাচে একাধিক পরিবর্তন ছিল বাংলাদেশ একাদশে। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলবে বলে জানান তিনি। শ্রীধরণ বলেন, আমরা ছেলেদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাব। প্রতিদিনই ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদের নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।