চলতি বিপিএলে দীর্ঘ সময় শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। তবে দলটি রাউন্ড রবিন লিগের শেষে শীর্ষস্থান ধরে রাখতে পারবে তো? বিশেষ করে আজ ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের কাছে হেরে গিয়ে অন্যদেরও এক নম্বরে ওঠার সুযোগ করে দিয়েছে স্ট্রাইকার্স। এখন সিলেটের (১১ ম্যাচে ১৬ পয়েন্ট) সঙ্গে ফরচুন বরিশাল (১০ ম্যাচে ১৪ পয়েন্ট), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১০ ম্যাচে ১৪ পয়েন্ট) ও রংপুরেরও (১০ ম্যাচে ১৪ পয়েন্ট) রয়েছে এক নম্বরে ওঠার সুযোগ।



আজ রাতের ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। আগে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হূদয় (৫৭ বলে ৮৫) ও মুশফিকুর রহিমের (৩৫ বলে ৫৫) দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ২ উইকেটে ১৭০ রান তোলে সিলেট। যদিও রাজসিক ব্যাটিংয়ে ১২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রনি তালুকদার ৩৫ বলে ৬৬, মোহাম্মদ নাইম ৩২ বলে ৪৫ ও শোয়েব মালিক ২৪ বলে ৪১ রান করে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন।


এর আগে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫৬ রান তোলে চট্টগ্রাম। আফিফ হোসেন ৪৯ বলে ৬৬ ও উসমান খান ৪১ বলে ৫২ রান করেন। জবাবে ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে ইমরুল কায়েসের দল। মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৬১ রান করে দলকে জেতান।