তিন ম্যাচের টি২০ সিরিজ জিতে নেয় শ্রীলংকা, এরপর আজ শেষ হওয়া ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। সীমিত ওভারের দুটি সিরিজের পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট, ৩০ মার্চ থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।

 

এই সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ সোমবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্টে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী পেস বোলার নাহিদ রানা। ২০২১ সালে প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। এবার টেস্টের অভিষেকের অপেক্ষায় এই গতি বোলার।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলা লিটন কুমার দাস ফিরেছেন সাদা জার্সিতে। আজকের তৃতীয় ওয়ানডে ম্যাচ থেকেও তিনি বাদ পড়েছিলেন ফর্মহীনতা। তবে টেস্টে তার ফর্ম নিয়ে নির্বাচকরা মোটেও উদ্বিগ্ন নন।

 

দল ঘোষণার পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের দলে দারুণ ভারসাম্য রয়েছে। এই দলে একমাত্র নবাগত হিসেবে আছে নাহিদ রানা। সর্বশেষ সিরিজে বিশ্রামে থাকা লিটন দাস এই সিরিজে ফিরেছে। আমাদের প্রতিটি বিভাগেই ব্যাকআপ রাখা হয়েছে।’

 

নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদ রানা খুবই সম্ভাবনাময় ক্রিকেটার এবং সম্ভবত এ মুহূর্তে দেশের সবচেয়ে গতিময় বোলার এবং ভালো বাউন্স দিতে সক্ষম। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ডও দুর্দান্ত। এছাড়া দলে আছেন আরেক তরুণ মুশফিক হাসান। ইনজুরিতে থাকা এবাদত হোসেন ও তাসকিন আহমেদ এই সিরিজে নেই।’

 

টেস্ট স্কোয়াড (প্রথম টেস্ট): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।