টানা দুই ম্যাচে হেরে যাওয়া নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস আজ তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে ১২৫ রানের টার্গেট দিতে সমর্থ হয়। আগে ব্যাট করত নেমে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে তারা। রাজশাহী ৪ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এটা রাজশাহীর তিন ম্যাচে দ্বিতীয় জয়, আর নোয়াখালী টানা তিন ম্যাচে হারল।

এর আগে রিপন মন্ডল ১৩ রানে ৪ উইকেট নিয়ে নোয়াখালীকে অল্প রানে আটকে দেন। এছাড়া তানজিম হাসান সাকিব ২টি উইকেট নেন। নোয়াখালীর হয়ে হায়দার আলী ২৮ বলে ৩৩ ও মাস সাদাকাত ১৯ বলে ২৫ রান করেন। ম্যাচসেরা হয়েছেন রিপন মন্ডল।

টানা দুই ম্যাচে হারের পর নেতৃত্বে পরিবর্তন এনেছে নোয়াখালী। সৈকত আলীর জায়গায় আজ নেতৃত্ব দেন পাকিস্তানি খেলোয়াড় হায়দার আলী। সৈকত দলেও জায়গা হারিয়েছেন। যদিও দলের ফল পাল্টায়নি।

৭ উইকেটের জয়ে রংপুরের শুভসূচনা

মাহমুদুল হাসান জয়কে সজোরে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সের জয় নিশ্চিত করেন খুশদিল শাহ। এ সময় দলটির হাতে ছিল ৭ উইকেট আর ঠিক ৫ ওভার।

চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে এমন দাপুটে জয় তুলে নিল রংপুর। ডেভিড মালানের ৫১ ও লিটন দাসের ৪৭ রানে ভর করে সহজ জয় পায় নুরুল হাসান সোহানের দল।

আজ সোমবার দুপুরের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ১০২ রানে অলআউট করে দিয়েছে রংপুর। চট্টগ্রামের ইনিংসের আয়ু ছিল ১৭.৫ ওভারে। পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ অনবদ্য বোলিংয়ে মাত্র ১৭ রানে ৫ উইকেট শিকার করে চট্টগ্রামকে বিধ্বস্ত করেন। এছাড়া আইপিএলে ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে নাম লেখানো মুস্তাফিজুর রহমান ১৯ রানে নিয়েছেন ২টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা, সুফিয়ান মুকিম ও আলিফ আল ইসলাম। চট্টগ্রামে মোহাম্মদ নাঈম ২০ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া মিরাজ বাইগ ২০ ও আবু হায়দার ১৩ রান করেন।

এটা রংপুরের প্রথম ম্যাচ, আর চট্টগ্রামের দ্বিতীয়। প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দেয় বিসিবির দলটি।