সিলেটে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। যদিও এ আসরে এবার নেই বাংলাদেশ জাতীয় দলের তারকা রিশাদ হোসেন। তিনি এখন আছেন দূরদেশ অস্ট্রেলিয়ায়। প্রথমবারের মতো বিগব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলছেন হোবার্ট হারিকেনসের হয়ে। সেখানে এরই মধ্যে চারটি ম্যাচও খেলেছেন এই স্পিনিং অলরাউন্ডার।
হোবার্টের হয়ে চার ম্যাচের সবগুলোতেই খেলেছেন রিশাদ। ১৭.৫০ গড়ে ও ৭.৫০ ইকোনোমি রেটে তিনি নিয়েছেন ৬ উইকেট। যদিও ৮ উইকেট নিয়ে টেবিলের এক ও দুইয়ে আছেন যথাক্রমে জ্যাক এডওয়ার্ডস ও জ্যাক উইলডারমুথ। এছাড়া পিটার সিডল, টম কারান ও হারিস রউফ প্রত্যেকেই নিয়েছেন ৭ উইকেট।
রিশাদের সমান ৬ উইকেট নিয়েছেন জোয়েল ডেভিস, ক্রিস জর্ডান, শাদাব খান ও জাভিয়ের বার্টলেট।
সর্বশেষ শুক্রবার পার্থ স্কোরচার্সকে ৪ উইকেটে হারিয়েছে হোবার্ট হারিকেনস। এ ম্যাচে হোবার্টের জয়ে অবদান রেখেছেন রিশাদ। ৩৩ রান খরচ করে তিনি নিয়েছেন ৩টি উইকেট। ৮ উইকেটে ১৫০ রান তুলতে সমর্থ হয় পার্থ। ৬ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট।
বিগব্যাশে অভিষেক ম্যাচে দারুণ বোলিং করে ১৮ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন রিশাদ। পরের ম্যাচে ৩৩ রানে ২টি এবং তৃতীয় ম্যাচে ২১ রানে ১টি উইকেট নেন। সর্বশেষ ম্যাচে শিকার করেন ৩টি উইকেট। সব মিলে, বিগব্যাশ মিশনে এখন পর্যন্ত নিয়েছেন ৬টি উইকেট।
আগামীকাল সোমবার রিশাদের দলের ম্যাচ আছে। এদিন বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে তারা মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মাঠে নামবে।









