চলতি সপ্তাহে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা। মঙ্গলবার দিবাগত রাত ২টায় অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সলজবুর্গ। একই সময়ে অ্যানফিল্ডে মুখোমুখি হবে লিভারপুল-ইন্টার মিলান। বুধবার দিবাগত রাত ২টায় মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। একই সময়ে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন।

দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পিএসজির সামনে। ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পের গোলে প্রথম লেগে ১-০ তে তারা রিয়ালকে হারায়। যদিও জয়ের ব্যবধান বেশ বড় না হওয়ায় চাপ নিয়েই দ্বিতীয় লেগ খেলতে হবে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। তার ওপর সান্তিয়াগো বার্নাব্যুতে ফরাসি ক্লাবটির কোনো জয়ের রেকর্ড নেই। রিয়ালের মাঠে চ্যাম্পিয়নস লিগে এর আগে তিন দেখায় দুই হার ও একটি ড্র করে ফরাসি জায়ান্টরা। বর্তমান রানার্সআপ ম্যানসিটি প্রথম লেগে স্পোর্টিং লিসবনের মাঠ থেকে ৫-০ গোলের জয় নিয়ে ফিরেছে। নিজেদের ডেরায় গার্দিওলার দল বেশ চাপমুক্ত হয়েই খেলবে।

বায়ার্ন মিউনিখ প্রথম লেগে ১-১ গোলে ড্র করে সলজবুর্গের মাঠে। এ পর্যন্ত দল দুটি মুখোমুখি হয়েছে পাঁচবার। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় বায়ার্নের, একটিতে ড্র করতে সক্ষম হয় সলজবুর্গ। মিলানের সান সিরোয় প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। তাই ঘরের মাঠে এগিয়ে থেকেই ইন্টারের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ইউরোপিয়ান কাপে দুবার এবং চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর তিনবার দল দুটি মুখোমুখি হয়। যেখানে মাত্র একবার জিতেছে ইন্টার, বাকি চারবারই জেতে লিভারপুল।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নেই অ্যাওয়ে গোলের নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী দুই লেগের খেলায় ১৮০ মিনিট শেষে যদি দুই দলের মোট গোল সমান হয়, সে ক্ষেত্রে ৩০ মিনিট অতিরিক্ত খেলা হবে। এতেও ফলাফল না পেলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হবে। বিবিসি