সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম টি২০ থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদউল্লাহর বেলায় এমনটি চায়নি। তাই তাকে আগামী মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে বিদায়ী ম্যাচ খেলার প্রস্তাব দেয় বোর্ড। বিসিবি মনে করেছে, টি২০তে বাংলাদেশের সেরা ব্যাটারকে মাঠ থেকে বিদায় দেয়াই সবচেয়ে সুন্দর হবে। কিন্তু মাহমুদউল্লাহ এ প্রস্তাবে রাজি হননি; বরং তিনি জানিয়েছেন, আরো দুই বছর জাতীয় দলের হয়ে খেলতে চান।
এ বিষয়ে বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, মাহমুদউল্লাহ অবসর নিতে রাজি হননি। তিনি জানিয়েছেন, অবসরের জন্য তিনি প্রস্তুত নন। বরং আরো দুই বছর খেলতে চান। তাই জাতীয় দলে ফিরে আসার চেষ্টা করবেন।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই অধিনায়ক আশা করেননি আসন্ন টি২০ বিশ্বকাপের আগে এভাবে দল থেকে বাদ পড়বেন। তার ধারণা ছিল বিশ্বকাপে তাকে রেখেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। তাই বাদ পড়ার খবরে তিনি বিস্মিত হয়েছেন। এখন যেহেতু দলে জায়গা হয়নি, তাই ঘরোয়া লিগে মনোযোগ দিতে চান মাহমুদউল্লাহ।
গতকাল মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, জাতীয় দলের হয়ে ভালো ভালো ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এজন্য তার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। আমাদের টি২০ পরামর্শক আমাদের এক বছরের পরিকল্পনা দিয়েছেন। আমরা এ পরিকল্পনা নিয়েই চলেছি। আমরা সবার মতামত নিয়ে মাহমুদউল্লাহকে বাদ দিয়েছি।










