মঙ্গলবার মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে। এই
টেস্ট সামনে রেখে আজ রোববার মিরপুরে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
যদিও অধিনায়ক সাকিব আল হাসান এদিন অনুশীলন করেননি। তিনি টিম হোটেলে বিশ্রাম নেন।
এই ম্যাচটা খুব ভালোভাবে জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক ও
সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাক।
সাকিব ও লিটন দাস
ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে যেতে চেয়েছিলেন আইপিএল খেলতে। যদিও বোর্ডের পক্ষ
থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়নি এবং দুজনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট
সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
সাকিব দলের সেরা
খেলোয়াড়, আর লিটন এখন ব্যাটিংয়ে দলের আস্থার নাম। এই দুই তারকাকে ছাড়া
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে চায়নি বাংলাদেশ। তাছাড়া এটিই আইরিশদের বিপক্ষে
টাইগারদের প্রথম টেস্ট। কাজেই পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।
আজ মিরপুরে রাজ্জাক
বিষয়টি পরিষ্কার করে দিয়ে বলেছেন, ‘আমার সোজা কথা, আমরা জিততে চাই। খুব ভালোভাবে
টেস্ট ম্যাচটা জিততে চাই। টেস্ট ম্যাচ একটা ভিন্ন জিনিস। প্রথম দিকে ইংল্যান্ড,
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যখন আমাদের সঙ্গে খেলত তারা কিন্তু পূর্ণ শক্তির দল
নিয়েই খেলত। ভারত কিন্তু মূল দলটা নিয়েই আসে। যদিও এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ
নয়। তবে টেস্ট জেতা একটি বড় বিষয়। এটা থেকে কেউ নিজেদের বঞ্চিত করতে চায় না।’
তিনি আরো বলেন,
‘শুরুর দিকে আমরা যখন টেস্ট খেলেছি, প্রতিপক্ষ তখন দাপট দেখিয়ে আমাদের সঙ্গে জিততে।
আমরাও আয়ারল্যান্ডের সঙ্গে সেভাবেই খেলতে চাই, যাতে বোঝা যায় আমাদের উন্নতি হয়েছে
কিংবা আমরা কোন জায়গায় আছি।’
তিনি বাস্তবতাও
বুঝিয়ে দিলেন। তার কথায়, ‘আমি চাই আমাদের সেরা দলই খেলুক। আমরা এখনো ওই পর্যায়ে
যাইনি যে, ৪-৫ জন খেলোয়াড় না থাকলেও সমস্যা হবে না। ওই পর্যায়ে যেতে আমাদের সময়
লাগবে।’
প্রতিপক্ষকে সমীহই
করছেন রাজ্জাক। আইরিশদের কাউন্টি খেলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আয়ারল্যান্ডের
প্রচুর ক্রিকেটার আছে যারা কাউন্টি খেলে। ওদের ৯০ শতাংশ ক্রিকেটার কাউন্টি খেলে।
ওরা সেখানে পারফর্মও করে। কাজেই ওদের খুব দুর্বল ভাবার কারণ নেই।’
আজ বাংলাদেশ দল অনুশীলনে নামে দুপুর দুইটায়। তার আগে
অনুশীলন সেরে নেয় আইরিশরা, যারা ২০১৯ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে।










