আজ শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান প্লে-অফ পর্বের খেলা। এ পর্বে তিন পাথে (গ্রুপে) সেমিফাইনাল ও ফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনালে বিজয়ীরা খেলার সুযোগ পাবে কাতার বিশ্বকাপে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সেমিফাইনালে মাঠে নামছে ইতালি-পর্তুগালও।

গত মাসেই ৩৮ বছরে পা দিয়েছেন ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে হয়তো আর বেশিদিন দেখা যাবে না পর্তুগিজ সুপারস্টারকে। কিছুদিন ফুটবল খেললেও আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২-ই তার শেষ বিশ্বকাপ। কিন্তু এখনো বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট কাটতে পারেনি সিআরসেভেনের দল। বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি উতরাতে না পেরে, তাদের সামনে অপেক্ষমান প্লে-অফ পরীক্ষা। এখানে চ্যাম্পিয়ন হতে পারলেই খেলতে পারবে বিশ্বকাপের মূল পর্বে।

একই পরিস্থিতিতে আছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপ বাছাই না উতরাতে পেরে ২০১৮ বিশ্বকাপও খেলা হয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬০ বছরের মধ্যে যা তাদের প্রথম। এবারো তাদের সামনে কঠিন পথ। একবিংশ শতাব্দীতে প্রত্যেক বিশ্বকাপের আসরেই খেলেছে পর্তুগাল।

ইউরোপ থেকে বিশ্বকাপে খেলবে ১৩টি দল। ক’দিন আগে শেষ হওয়া ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পেয়েছে বিশ্বকাপের টিকিট। বাকি আছে আরো তিনটি দল। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ চ্যাম্পিয়ন মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরো তিনটি দল।

কিন্তু প্লে-অফের ড্র’য়ে একই পাথে ইতালি-পর্তুগাল। তিন পাথে ১২টি দলকে বিভক্ত করা হয়েছে।

পাথ-এ’তে এক সেমিফাইনালে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ইউক্রেন এবং ওয়েলস ও অস্ট্রিয়া। ইউক্রেনে সঙ্কটময় পরিস্থিতির কারণে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি আপাতত স্থগিত রেখেছে ফিফা।

পাথ-বি’তে রাশিয়া খেলার কথা ছিল পোল্যান্ডের বিপক্ষে, আর সুইডেনের প্রতিপক্ষ চেক রিপাবলিক। ইউক্রেনের ওপর আগ্রাসনের কারণে রাশিয়াকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। যার কারণে পোলিশরা সেমিতে না খেলেই ফাইনাল নিশ্চিত করেছে। সুইডেন-চেকের মধ্যে যারা জিতবে তারা ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে খেলবে।

পাথ-সি’তে সেমিতে মুখোমুখি হবে ইতালি ও নর্থ মেসেডোনিয়া এবং পর্তুগাল ও তুরস্ক। অস্ট্রিয়া ও চেক রিপাবলিক এসেছে নেশন্স লিগে গ্রুপ জয়ী হিসেবে।

সেমিফাইনালে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। তিন গ্রুপের ফাইনালে জয়ী তিনটি দল পাবে বিশ্বকাপের টিকেট।

সবার চোখ থাকছে ইতালি ও পর্তুগালের দিকেই। সেমিফাইনালে হারলেই বিদায় নিতে হবে তাদের। আর দু’দল যদি ফাইনালে ওঠে তবু বিদায় নিতে হবে একটি দলকে।

সেমিফাইনালের সবগুলো ম্যাচই আজ রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খেলা শুরু হবে।