ওপেনার ইমাম-উল-হক ও আজহার আলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে রানের সৌধ গড়েছে পাকিস্তান। গতকাল দ্বিতীয় দিন চার উইকেটে ৪৭৬ রান সংগ্রহ করে তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় দিন শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৫ রান তুলে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খাজা ৫ ও ডেভিড ওয়ার্নার শূন্য রানে অপরাজিত আছেন।
এর আগে প্রথম দিন টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয়া ইমাম গতকাল আউট হয়েছেন ১৫৭ রানে। ৩৫৮ বলের ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা। দ্বিতীয় উইকেটে ইমাম-আজহার জুটি যোগ করেন ২০৮ রান। ইমাম আউট হলে বাবরকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন আজহার। ব্যক্তিগত ৩৬ রানে রানআউটের শিকার হন পাকিস্তানের অধিনায়ক। তবে দারুণ ব্যাটিং করে আজহার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে মার্নুস লাবুশেনের কাছে হার মানেন ডানহাতি ব্যাটার। ৩৬১ বল মোকাবেলায় করেছেন ১৮৫ রান। ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চার ও তিনটি ছক্কায়। মোহাম্মদ রিজওয়ান ২৯ ও ইফতেখার আহমেদ ১৩ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আটজন বোলারকে ব্যবহার করেছেন। একটি রান আউট ছাড়া কামিন্স, লাবুশেন ও নাথান লায়ান একটি করে উইকেট নেন।
দুই যুগ পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকইনফো










