বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার রাতে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ভর করে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে রংপুর রাইডার্সের সমান পয়েন্ট অর্জন করে তারা। যদিও একদিন পরই কুমিল্লাকে ফের পেছনে ফেলল রংপুর। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

  

পাকিস্তানি তারকা বাবর আজম চলে গেছেন দেশে। এবারের আসরে আর খেলবেন না। তবে তার যোগ্য বিকল্প পেয়ে গেছে রংপুর। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম আজ ব্যাট-বলে পারঙ্গমতা দেখিয়ে জেতান রংপুরকে। ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৩২ রানে ২ উইকেট শিকার করে তিনিই ম্যাচসেরা খেলোয়াড়।

 

রিজা হেনড্রিকস (৪১ বলে ৫৮), সাকিব আল হাসান (১৬ বলে ২৭) ও রনি তালুকদার (১৭ বলে ২৪) ভিত গড়ে দেয়ার পর রংপুরকে বড় সংগ্রহ (২১১/৩) এনে দেন নিশান ও নুরুল হাসান (২১ বলে ৩১*)। চতুর্থ উইকেটে ৪৬ বলে ৮৯ রান যোগ করেন দুজন।

 

জবাব দিতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় চট্টগ্রাম। সৈতক আলী ৪৫ বলে ৬৩ রান করেন। নিশাম ও সাকিব নেন ২টি করে উইকেট।  

 

আজ রাতের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৪০ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৭৫ ও মাহমুদউল্লাহর ৭৩ রানে ভর দিয়ে ৪ উইকেটে ১৮৯ রান তোলে বরিশাল। জবাবে দুর্দান্ত ঢাকা ১৪৯ রানে অলআউট হয়ে যায়।


এই দুই ম্যাচের পর৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে বরিশাল উঠে যায় টেবিলের চারে। কিছুদিন আগেও শীর্ষস্থানে থাকা খুলনা টাইগার্স এখন নেমে গেছে পাঁচ নম্বরে।