গত রোববার ঢাকার কমলাপুর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯
নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশিচত করে বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দল
আজ মঙ্গলবার একই মাঠে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়েছে।
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকতার ম্যাচে সাত সাতটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। যদিও বেঞ্চের খেলোয়াড় নিয়ে গড়া দলটিও আক্রমণাত্বক ফুটবল খেলে ভুটানকে বড় হারের লজ্জা দিল। বাংলাদেশের হয়ে ঐশী খাতুন দুটি এবং নুসরাত জাহান মিতু ও তৃষ্ণা রানী একটি করে গোল করেন। আজ আরেক ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে ভারত।
চার দলের এই আসরে রাউন্ড
রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও ভারত খেলবে ফাইনালে। বৃহস্পতিবার কিশোরীদের
ফাইনাল।
এটা বয়সভিত্তিক সাফের
পঞ্চম আসর। ২০১৮ ও ২০২২ সালে হয়েছে অনূর্ধ্ব-১৮ বয়স ফরম্যাটে, ২০২৩ সালে হয়েছে অনূর্ধ্ব-২০
বয়স ফরম্যাটে এবং ২০২১ ও ২০২৪ সালের চলতি আসরটি অনূর্ধ্ব-১৯ বয়স ফরম্যাটের।










