প্রতি মৌসুমের দলবদলে এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠলেও সেটি সত্য হয়নি। তবে এবার এমবাপ্পে নিজেই পিএসজির সঙ্গে ৭ বছরের সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুমের শেষে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন ফরাসি তারকা। এরই মধ্যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফিকে সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে তার ভবিষৎ গন্তব্য কোথায়, তা অবশ্য খোলাসা হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন। খবর বিবিসি।
গণমাধ্যমটি বলছে, এমবাপ্পের পরের ঠিকানা যে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে , সেটি একপ্রকার নিশ্চিতই। ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন এসেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। তবে পিএসজির একটি সূত্র বলেছে, ‘ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।’
২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান এমবাপ্পে। ২০২২ সালে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া বলতে গেলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপ্পে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে আর সেটি করছেন না। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা।










