টি২০ বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের দুই শিরোপাপ্রত্যাশী অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। পার্থে আজ প্রথম টি২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১০ মিনিটে। ১২ অক্টোবর ক্যানবেরায় দ্বিতীয় ম্যাচ ও ১৪ অক্টোবর একই ভেনুতে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া সদ্যই দুই ম্যাচের টি২০ সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, আর ইংলিশরা ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়ে বাবর আজমের দলকে সাত ম্যাচের টি২০ সিরিজে ৪-৩ ব্যবধানে হারিয়ে এসেছে। অজি-ইংলিশ টি২০ লড়াই তাই জমে ওঠার অপেক্ষায়।

ওয়েস্ট ইন্ডিজকে টানা দুটি টি২০ ম্যাচে হারিয়ে ইংল্যান্ড সিরিজের জন্য তৈরি হয়েছে অজিরা।  বিপরীতে ইংলিশ ব্রিগেডও সদ্য পাকিস্তান সফর থেকে দারুণ ফর্ম নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছে।

সিরিজ সামনে রেখে ইংলিশ দলনায়ক জস বাটলার বলেছেন, আমি মনে করি, তারা বিশ্বকাপ ফেভারিট। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়াটা এখন জরুরি। মোট কথা, বিশ্বকাপের আগে সবাইকে ফর্মে ফিরতে হবে, এ চ্যালেঞ্জও থাকছে।

সংক্ষিপ্ত ফরম্যাটের মুখোমুখিতে দুই দল প্রায় সমানে সমান। ২০ বারের মোকাবেলায় অস্ট্রেলিয়া ১০টি ও ইংল্যান্ড ৯টিতে জিতেছে। দুই দলের সর্বশেষ দেখায় ৮ উইকেটে জিতেছে ইংলিশরা। গত বছর আইসিসি টি২০ বিশ্বকাপ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২৫ রানে অলআউট করার পর দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।