প্রতি বছরের মতোই গ্রীষ্মকালীন দলবদল সামনে রেখে আবার আলোচনায় কিলিয়ান এমবাপ্পে। গুঞ্জন রয়েছে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে দিচ্ছেন ফরাসি স্ট্রাইকার। এরই মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে রাজিও হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, রিয়ালে পাঁচ বছরের চুক্তি করবেন এমবাপ্পে। লস ব্লাঙ্কোসরা তাকে বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক দেবে। এছাড়া পাঁচ বছরের জন্য সাইনিং বোনাস হিসেবে পাবেন ১৫ কোটি ইউরো। তার ছবিস্বত্ব থেকে রিয়াল যে আয় করবে, তার ভাগও পাবেন এমবাপ্পে। তবে রিয়ালের সঙ্গে এখনো চুক্তি করেননি। যখন চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও পিএসজির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না তখনই চুক্তির ঘোষণা দেয়া হতে পারে বলে জানা গেছে। এ পরিস্থিতিতে পিএসজিও প্রস্তুতি নিচ্ছে এবং এমবাপ্পেকে ছাড়াই ভবিষ্যতের কথা ভাবছে। ২৫ বছর বয়সী এমবাপ্পে ২৪৪ গোল করে পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক।
ইউরোপের ফুটবল বিশেষজ্ঞ জেমস হর্নক্যাসল বলেন, ‘গ্রীষ্মে পিএসজিকে নিশ্চয়ই ভিন্ন রূপে দেখা যাবে। বলা যায়, পিএসজি নক্ষত্রের অভাব বোধ করবে, আর তারা হয়তো নতুন খেলোয়াড় নিয়ে আসবে ও এমবাপ্পের জায়গায় তাদের কাউকে চেষ্টা করে দেখবে। এখন দেখার বিষয়, তারা কি সুপারস্টার তৈরি করবে, নাকি বাইরে থেকে কাউকে উড়িয়ে আনবে, গত ১২ বছর তারা যেটি করে এসেছে।’
চলতি মৌসুমে এখনো বেশ কয়েকটি ট্রফির রেসে রয়েছে পিএসজি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে ২১টি করেছেন লিগে। লিগ ওয়ানে গোল চার্টে তিনিই ১ নম্বরে। দ্বিতীয় স্থানধারী ব্রেস্টের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা ধরে রাখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে পিএসজির। গত মঙ্গলবার এমবাপ্পের দুই গোলে ভর করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পিএসজি।
পিএসজির কাতারভিত্তিক মালিকের জন্য ঘরোয়া শিরোপা জয় করা যতটা সহজ ততটাই যেন কঠিন ইউরোপিয়ান ট্রফি জয়, বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা যেন তাদের জন্য দূর আকাশের তারা। ইব্রাহিমোভিচ, নেইমার, মেসি ও এমবাপ্পেকে নিয়ে প্রাণান্ত চেষ্টা করে গেল ক্লাবটি, যদিও ভাগ্যের শিঁকে যেন কিছুতেই ছিঁড়ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এমবাপ্পের রেকর্ড আর তার সামর্থ্যের কথা ভেবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে তার কাছ থেকে সর্বোচ্চটা না নেয়ার সিদ্ধান্ত হবে পিএসজির জন্য চরম বোকামি। কেননা নিজের সেরা দিনে তিনি একাই একটি ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। মঙ্গলবার জোড়া গোল করে তিনি সেটি আরেকবার প্রমাণ করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ৬৯ ম্যাচে ৪৬ গোল করেছেন, যার মধ্যে ৪০ গোল করেছেন পিএসজির হয়ে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে হর্নক্যাসল বলেন, ‘লুই এনরিকে হয়তো আগামী মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে এমবাপ্পেকে নিয়েই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সেরা সুযোগ পেতে পারে তারা। সে যতক্ষণ এখানে থাকবে আপনার উচিত হবে তার কাছ থেকে সেরাটা আদায় করে নেয়া।’
এ ম্যাচের আগে ক্লাবের সবশেষ তিন ম্যাচে এমবাপ্পেকে পুরো সময় খেলাননি কোচ। বারবার তুলে নেয়া নিয়ে তিনি সন্তুষ্ট নন বলেও খবর বেরোয় নানা সংবাদমাধ্যমে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে অবশ্য পুরো সময়ই মাঠে রাখা হয় এমবাপ্পেকে।
এমবাপ্পে চলে গেলে ১২ মাসের মধ্যে তিন সুপারস্টারকে হারাবে পিএসজি। প্রথমেই মেসি গেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামিতে। এরপর নেইমার নাম লেখান সৌদি আরবের ক্লাব আল হিলালে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে আর কোনো সুপারস্টারের পিছু না দৌড়ে পিএসজি বরং ভিন্ন এক স্কোয়াড মাঠে নামাবে আগামী মৌসুমে। লরেন্স বলেন, ‘গ্রীষ্মের দলবদলের জন্য পিএসজির সংক্ষিপ্ত তালিকায় পাঁচটি নাম রয়েছে। এগুলো হলো এসি মিলানের উইঙ্গার রাফায়েল লিয়াও, নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেন, ম্যানসিটির মিডফিল্ডার বার্নার্দো সিলভা, নিউক্যাসলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস ও লিলের সেন্ট্রাল ডিফেন্ডার লেনি ইয়োরো। আগামী আগস্টেই ৩০ বছরে পা দেবেন সিলভা। ম্যানসিটিতে সবকিছু জয়ের পর হয়তো এটাই তার বিদায়ের সঠিক সময়। পিএসজি তাকে চাইবে শুধু সৃষ্টিশীলতার জন্য নয়, বরং অভিজ্ঞতাকে কাজে লাগাতেও। সংক্ষিপ্ত তালিকার পাঁচজনের মধ্যে দুই-তিনজন পেলেই পিএসজি খুশি থাকবে। পিএসজি হয়তো সুপারস্টার খুঁজবে না, তবে ঠিকই শক্তিশালী দল গঠন করবে এবং প্রয়োজন হলে বিনিয়োগও করবে।’
এমবাপ্পে চান, মার্চেই যেন তার বিষয়টির সুরাহা হয়। এ কারণে তিনি ১৩ ফেব্রুয়ারি পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বিদায়ের কথা জানিয়ে বলেন, তিনি রিয়ালে যোগ দিতে চান। গত ২৯ ফেব্রুয়ারি এ খবর জানাজানি হলেই নঁতের বিপক্ষে ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। যদিও পরে বদলি হিসেবে নেমে পেনাল্টি গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি।
রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি এরই মধ্যে এমবাপ্পের খেলার পজিশন নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম কিছুটা গভীরে খেলেন, আর ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র খেলেন বামে। এমবাপ্পে খেলবেন বাম সেন্টারে। ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ গ্রীষ্মে চলে গেলে ১০ নম্বর জার্সি উঠতে পারে এমবাপ্পের গায়ে।
২০১৭ সালে ১৮ বছর বয়সে মোনাকোর হয়ে ফ্রেঞ্চ লিগ শিরোপা জয় করেন এমবাপ্পে। এরপর প্রথমে ধারে ও পরে ১৮ কোটি ইউরোর চুক্তিতে তিনি পিএসজিতে নাম লেখান। সেই থেকে ক্লাবটির হয়ে ২৯১ ম্যাচ খেলে ২৪৪ গোল করার পাশাপাশি ৯৩টি গোলে অ্যাসিস্ট করেছেন। পিএসজিকে পাঁচটি লিগ শিরোপা জিততে সাহায্য করেন বিশ্বের অন্যতম সেরা এ স্ট্রাইকার। এবার বিদায়ের সময় হলো। বিবিসি










