গতকাল বাংলাদেশ জয়ের পথে থাকলেও হঠাৎই বিপদে পড়ে যায়। শেষ দিকের গোলে সমতায় ফিরে ম্যাচ শুট আউটে টেনে নিয়ে যায় হংকং। যদিও শেষ রক্ষা হলো না। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জিতে গেল বাংলাদেশই। স্বস্তির এ জয়ে এশিয়া গেমসের হকি ইভেন্টে খেলার টিকিট পেল বাংলাদেশ।

ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে গতকাল স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ। দুই দলের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ৪-৪ সমতায়।

চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।

পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে নয়টি দল। এর মধ্যে শীর্ষ ছয় দল পাচ্ছে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।

গ্রুপে তৃতীয় হওয়া বাংলাদেশ দল স্থান নির্ধারণী (পঞ্চম থেকে অষ্টম) ম্যাচের প্রথম পর্বে জিতল। তাতে সেরা ছয়ে থাকা নিশ্চিত হলো দলের। আজ পঞ্চম হয়ে বাছাই শেষ করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে লাল-সবুজরা।

গতকাল হংকং চায়নার বিপক্ষে দারুণ সূচনা করে বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলের ১ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। একটু পর এক গোল ফিরিয়ে দেয় হংকং।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি জালের দেখা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হংকংকে সমতায় ফেরান আহমেদ ইশতিয়াক। এ কোয়ার্টারের মাঝামাঝি পেনাল্টি কর্নার থেকে ফের বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে জমে ওঠে লড়াই। দুই গোল করে এগিয়ে যায় হংকং। যদিও ৪৮তম মিনিটে আশরাফুল পিসি কাজে লাগিয়ে ম্যাচে ৪-৪ সমতা নিয়ে আসেন। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বির লক্ষ্যভেদে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডকে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট কেটেছে চায়নিজ তাইপে। তাদের বিপক্ষে আজ পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ছাড়াও বাছাইপর্ব উতরে এশিয়ান গেমস হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে চায়নিজ তাইপে, ইন্দোনেশিয়া, ওমান, শ্রীলংকা ও উজবেকিস্তান। এছাড়া ২০২২ সালের এশিয়ান গেমসের ফলাফল অনুযায়ী সরাসরি খেলার সুযোগ পায় চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। স্বাগতিক হিসেবে খেলবে জাপান।

এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য। এবার জাপানে অনুষ্ঠেয় আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেখার অপেক্ষা, এবার কতদূর যেতে পারে লাল-সবুজরা।