আগামীকাল মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে পূর্ণ শক্তির বাংলাদেশ দলের সামনে অনেকটা অনভিজ্ঞ আয়ারল্যান্ড, যারা ২০১৯ সালের পর প্রথম কোনো টেস্ট খেলতে নামছে। পয়মন্ত ভেনু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি জিততে চায় সাকিব আল হাসানের দল।

    

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বলেই আশাবাদী বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গত ডিসেম্বরে ভারতের সঙ্গে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। আজ সংবাদ সম্মেলনে সেই কথা মনে করিয়ে দিয়ে মিরাজ বলেন, ‘‌জিততে জিততে হেরে গেছি। শেষ ম্যাচটা তো আমরা অল্পের জন্য হেরে গেছি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের লাকি মাঠ, এখানে আমরা অতীতে টেস্ট জিতেছি। আর অবশ্যই আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নাই। ক্রিকেট খেলায় অনেক কিছুই হতে পারে। আমরা অবশ্যই সম্মান করব প্রতিপক্ষ দলকে। আমরা সেরাটাই দেয়ার চেষ্টা করব। পজিটিভ হলো, আমাদের সবার মধ্যে আত্মবিশ্বাস আছে এবং সবাই খুব টাচে আছে। অবশ্যই মাঠে নামব জেতার জন্য। এই মাঠে জিততে পারলে আত্মবিশ্বাসটা ভালো থাকবে।’

 

মিরপুর লাকি গ্রাউন্ড হলেও ২০২২ সালে এ মাঠে দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। মে মাসে শ্রীলংকার কাছে ১০ উইকেটে ও ডিসেম্বরে ভারতের কাছে তিন উইকেটে হেরেছে স্বাগতিকরা। মিরপুরে জয়ের ধারায় ফিরতে চান মিরাজ। তিনি বলেন, ‘‌এ মাঠে ফের টেস্ট জিততে পারলে আমাদের ভালো লাগবে।’

 

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মিরাজকে নিয়ে পূর্ণ শক্তির দল মাঠে নামাবে বাংলাদেশ। অপরদিকে, আয়ারল্যান্ড স্কোয়াডে নয়জনই অনভিষিক্ত খেলোয়াড়। তাদের মধ্যে তিনজন আবার কখনই প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলেননি! সর্বশেষ ২০১৯ সালে টেস্ট খেলা দলের মাত্র চারজন টিকে আছেন বর্তমান দলে।

 

সেই তুলনায় বাংলাদেশ দল বিশাল অভিজ্ঞতা নিয়ে নামছে। এই দলে সম্মিলিতভাবে ৪৭৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া সিলেট ও চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে সাদা বলের দুই সিরিজে আধিপত্য করেছে তারা। সেই বিচারে, মিরপুর টেস্টে অসম লড়াই-ই হওয়ার কথা।

 

পূর্ণ শক্তির দল নিয়ে মিরাজ বললেন, ‘‌অনেকদিন পর আমরা টেস্ট খেলতে নামছি। প্রায় তিন, সাড়ে তিন মাস পর আমরা নামছি টেস্ট খেলার জন্য। অবশ্যই আমরা পূর্ণ শক্তির দল খেলছি। একসাথে খেলা হয়নি অনেকদিন। অনেকে ছিল, অনেকে ছিল না। এই টেস্টে আমাদের পুরো দল আছে। কম্বিনেশনটা ভালো আছে। আলহামদুলিল্লাহ, সবাই খেলার ভিতরে আছে, খুবই ভালো টাচে আছে।’