ভারতে চলমান ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে একটি জয় তুলে নেয়ার পর টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারলেও পরে ঘুরে দাঁড়ায়। তারা টানা দুই ম্যাচে হারিয়েছে নিউজিল্যান্ড ও ভারতকে। চাপে থাকা বাংলাদেশ ও উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা আগামীকাল অন্ধ্রপ্রদেশের পর্যটন শহর বিশাখাপত্নমে মুখোমুখি হবে।
পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করা বাংলাদেশ নারী দল পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও দারুণ লড়াই করে। ১৭৮ রানে অলআউট হওয়া নিগার সুলতানার দল বোলিংয়ে বেশ ভুগিয়েছে ইংল্যান্ডকে। আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের বলি না হলে সেদিন জয় নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।
ইংল্যান্ড ম্যাচের পারফরম্যান্স পরের ম্যাচে টেনে আনতে ব্যর্থ হয় নিগারের দল। শুক্রবার গুয়াহাটিতে ভালো বোলিং করে নিউজিল্যান্ডকে ২২৭ রানে আটকে দিলেও জেতা হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় তারা গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে।
১০০ রানে বিশাল ব্যবধানে হারের পর দলনায়ক নিগার বলেছেন, ‘আমরা আগের ম্যাচের মতোই করতে চেয়েছিলাম। আসলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা মোটেও ধারাবাহিক নই। যখন দুশ রান তাড়া করবেন, তখন টপ অর্ডার ক্লিক না করলে এটা আসলে সম্ভব না।’
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডসহ বড় দলগুলোর সঙ্গে নিজেদের শক্তির তফাৎ তুলে ধরে নিগার বলেন, ‘তারা অভিজ্ঞ দল, ম্যাচটা সহজভাবে খেলে। এ হার থেকে আমরা অনেক কিছু শিখতে পারব। আমরা তো কেবল আইসিসি ইভেন্টেই বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই। অন্যথায় তাদের সঙ্গে খেলি না। আমাদের তো অভিজ্ঞতা ঘাটতি রয়ে গেছে।’
ত্রয়োদশ নারী বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮টি দল। একে অপরের বিপক্ষে খেলবে। সবার ৭ রাউন্ড শেষ হলে শীর্ষ চারটি দল উঠে যাবে সেমিফাইনালে।
২ নভেম্বর মুম্বাই কিংবা কলম্বোয় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
নারী ওয়ানডে বিশ্বকাপে আগে ১২ আসরের মধ্যে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। চারবার শিরোপা জিতে এর পরই রয়েছে ইংল্যান্ড। বাকি একবার শিরোপা জয় করেছে নিউজিল্যান্ড। এবার স্বাগতিক ভারত শিরোপা জিততে মরিয়া। হারমানপ্রিত কাউরের দল দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।










