জীবনের শেষ লেখাটা ছিল স্বদেশী ক্রিকেট কিংবদন্তি রডনি মার্শের মৃত্যু নিয়ে। কয়েক ঘণ্টা পর মৃত্যু যে তার নিজের প্রাণটাও কেড়ে নেবে, শেন ওয়ার্ন হয়তো ঘুণাক্ষরেও বুঝে ওঠেননি। শুক্রবার পূর্বসূরির সঙ্গেই অনন্তলোকের বাসিন্দা হলেন ঘূর্ণি জাদুকর। আর শোকসন্তপ্ত করে গেলেন ক্রিকেটবিশ্বকে।
শুক্রবার সকালে মারা গেছেন অজি কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ। তার কয়েক ঘণ্টা পর সর্বকালের সেরা লেগস্পিনার ওয়ার্নও একই পথে হাঁটেন। মার্শের মৃত্যুতে রাওয়ালপিন্ডি টেস্টে বল মাঠে গড়ানোর আগে নীরবতা পালন করেছিলেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ওয়ার্নের মৃত্যুর খবর আসে শুক্রবার রাতে। তাই রাওয়ালপিন্ডিতে গতকাল টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামার আগে শেন ওয়ার্নকে শ্রদ্ধায় স্মরণে দুই দলের খেলোয়াড় ও কোচ এবং স্টাফরা নীরবতা পালন করেন।
একই চিত্র দেখা যায় মোহালিতে ভারত-শ্রীলংকা টেস্টের দ্বিতীয় দিন ও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে সিরিজের শেষ টি২০ ম্যাচের আগে। ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় মোহালি ও মিরপুরে।
নিউজিল্যান্ডে গতকাল নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে শেন ওয়ার্ন ও রডনি মার্শের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আবার ওয়েস্ট ইন্ডিজ সফররত ইংল্যান্ড ক্রিকেট দলও প্রস্তুতি ম্যাচের আগে শেন ওয়ার্নকে স্মরণ করে শ্রদ্ধা, ভালোবাসায়।
শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি লিখেছে, শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুর শোকে কাতর অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন, ক্রিকেটার, ভক্ত-সমর্থক ও অনুরাগীদের সঙ্গে বিসিবিও সমবেদনা প্রকাশ করছে।
৫২ বছর বয়সে স্পিন জাদুকরের প্রস্থানে শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেটবিশ্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ও বর্তমান অসংখ্য ক্রিকেটার তাকে নিয়ে শোকগাথা লিখেছেন।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডস লিখেছেন, বিশ্বাসই হচ্ছে না! একেবারে স্তব্ধ হয়ে গেছি। এটা সত্য হতে পারে না... শান্তিতে
বিশ্রাম নাও শেন ওয়ার্ন। আমি এই মুহূর্তে যা অনুভব করছি, তা বর্ণনা করার কোনো শব্দ নেই। ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি।
শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের ক্রিকেটীয় ডুয়াল ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। আবার মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব দুজনের। প্রিয় বন্ধুর মৃত্যুর খবর মানতে পারছেন না টেন্ডুলকার। তিনি লিখেছেন, হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক। তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হূদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়েছিল। বড্ড অকালেই চলে গেলে।
ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা লিখেছেন, এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।
শেন ওয়ার্নের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের। বন্ধুর মৃত্যুতে শোকাহত সাবেক এ অধিনায়ক। তিনি লিখেছেন, আমার বন্ধু ওয়ার্নির আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত... তার
সঙ্গে আমার সবসময় যোগাযোগ ছিল এবং সবসময় পরোপকারী ছিল। একজন আইকনিক বোলার ছাড়াও সে একজন মজার মানুষ ছিল। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। শান্তিতে বিশ্রাম করো আমার বন্ধু।
শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারাও বিশ্বাস করতে পারছেন এমন খবর। তিনি লিখেছেন, কিংবদন্তি ও বন্ধু শেন ওয়ার্নের কথা শুনে একেবারে স্তব্ধ এবং হতবাক। বিশ্বাসই করতে পারছি না। ক্রিকইনফো, টুইটার, বিবিসি।










