সদ্য প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের নামে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) একটি স্ট্যান্ডের নাম হতে পারে।

শুক্রবার থাইল্যান্ডের একটি দ্বীপে নিজ বাংলোতে অচেতন অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। এ খবরে শোকে বিহ্বল হয়ে পড়েছে ক্রিকেটবিশ্ব। গতকাল এমসিজিতে থাকা ওয়ার্নের মূর্তির সামনে এসে ভক্তরা ফুল, ক্রিকেট বল, বিয়ার ও সিগারেট দিয়ে মহান এ ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ মাঠেই ওয়ার্ন টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন এবং এখানেই সাদা পোশাকের ক্রিকেটে নিজের ৭০০তম উইকেট শিকার করেন। তাকে সম্মান জানাতে এমসিজির গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘এসকে ওয়ার্ন’ স্ট্যান্ড করা হবে বলে জানা যায়।

ভিক্টোরিয়ার পর্যটন ও ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা নিশ্চিত করেছেন যে, তিনি ভিক্টোরিয়ার প্রিমিয়ার (প্রধান) ড্যানিয়েল অ্যান্ড্রুস, এমসিসি ট্রাস্টের চেয়ারম্যান স্টিভ ব্রুকস ও এমসিসি সিইও স্টুয়ার্ট ফক্সের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, তারা ওয়ার্নের সম্মানে সাউদার্ন স্ট্যান্ডের নাম পরিবর্তন করে ওয়ার্নের নামে ‘এসকে ওয়ার্ন’ করবেন।

এদিকে, ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী রাজ্যের পক্ষ থেকে শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন ওয়ার্নের পরিবারকে। আবার ওয়ার্নকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিবিসি