বিশ্বের শীর্ষ দশ নারী খেলোয়াড়ের টুর্নামেন্ট ডাব্লিউটিএ ফাইনালসের
শিরোপা জিতে র্যাংকিংয়ের এক নম্বরে ফিরে এলেন পোল্যান্ডের ইগা সিয়ানতেক।
যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে সরাসরি ৬-১, ৬-০ গেমে হারান তিনি। এটি তার প্রথম ডাব্লিউটিএ
ফাইনালস শিরোপা। ২০১১ সালে পেত্রা কেভিতোভার পর ইগাই সর্বকনিষ্ট ডাব্লিউটিএ ফাইনালস
চ্যাম্পিয়ন। এর মধ্য দিয়ে ফিরে পেলেন র্যাংকিংয়ের শীর্ষস্থানও, যা তিনি দুই মাস আগে
হারিয়েছিলেন।
পুরো টুর্নামেন্টেই দাপট দেখান ইগা। ফাইনালেও তিনি অপ্রতিরোধ্য। জয়
শেষে ২২ বছর বয়সী খেলোয়াড় বলেন, ‘আজ জয়ের পর মনে হয়, মানসিকভাবে ঠিকমতোই এগোচ্ছি
আমি।’
এই আসরে পাঁচ ম্যাচ খেলে সবগুলো জিতলেন তিনি। ১০টি সেট খেলে কোনোটি
হারেননি। শিরোপা জয়ের পথে মাত্র ২০টি গেম হেরেছেন তিনি, যা ২০০৩ সালে রাউন্ড রবিন
লিগ চালুর পর সবচেয়ে কম!
১১ ম্যাচের জয়রথে রয়েছেন পোলিশ তারকা। ২০২৩ সালে ৬৮ জয়ের বিপরীতে
হেরেছেন ১১ ম্যাচ। এ বছর তিনি ছয়টি শিরোপা জিতেছেন। গত জুনে রোলাঁ গারোঁয় জিতেছেন
ক্যারিয়ারে চতুর্থ গ্র্যান্ডস্লাম শিরোপা।
২০২২ সালের এপ্রিল থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের শীর্ষে
ছিলেন ইগা। গত ইউএস ওপেন শেষে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন আরিনা সাবালেঙ্কা।
এবার তা পুনরুদ্ধার করলেন তিনি। এই আসরেই সেমিফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েছেন ইগা।










