ফরচুন বরিশালের প্রথম
বিপিএল শিরোপা জয়ে ৪৯২ রান করে বড় অবদান রেখেছেন তামিম ইকবাল। সবার মুখে এখন তামিম
তামিম বন্দনা। যদিও দলের সাফল্যের পেছনে সবাইকেই কৃতিত্ব দিচ্ছেন তামিম। বিশেষ করে,
দুই জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক।
শুক্রবার রাতে শিরোপা
জয় শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘শিরোপা জিতে দারুণ লাগছে, বিশেষ করে দুই সিনিয়র
ক্রিকেটার রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ও মুশফিকুর (রহিম)। তারা দীর্ঘদিন ধরে দেশের সেরা
করেছে, কিন্তু কখনো এই ট্রফিটা সে জেতেনি। শিরোপাটি তাদের উৎসর্গ করছি।’
মুশফিককে নিয়ে তিনি আরো
বলেন, ‘টুর্নামেন্টের আগে আমি মুশফিককে বলেছি, সে যেন মাঠের দিকে একটু নজর দেয়, বিশেষ
করে বোলিং আর ফিল্ডিং পরিবর্তনটা। কেননা আমি তো টিম স্ট্র্যাটেজি নিয়ে ব্যস্ত থাকতাম।
কোন বিদেশি আসবে, সেটি আমাকে দেখতে হতো। অনেক বিদেশি এসেছে-গেছে। মুশফিক অবিশ্বাস্য
ছিল। তার নেতৃত্বটা আমার ওপর থেকে চাপটা কমিয়ে দিয়েছে। আমি নিজের ব্যাটিংয়ে মনোযোগ
দিতে পেরেছি। অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। এই ট্রফিটা আমার চেয়েও তার বেশি প্রাপ্য।
মুশফিক ও মাহমুদউল্লাহ দুজনই মেধাবী খেলোয়াড়, পেশাদার ক্রিকেটার। মাঠের পারফরম্যান্স
আর প্রস্তুতি থেকে তাদের আদর্শ মানতে পারে তরুণ ক্রিকেটাররা।’
শুরুতে ফেভারিট না থেকেও
শেষ পর্যন্ত বরিশালের শিরোপা জয়ের রহস্যই বা কী ছিল? তামিম এ নিয়ে বলেছেন, ‘আমি শুধু
ড্রেসিংরুমের পরিবেশটা ভালো রাখতে চেয়েছি। প্রত্যেকেই অবদান রেখেছে। বিদেশিসহ আমরা
কিছু ভালো মানুষ পেয়েছি বলে ভাগ্যবান। একটি পর্যায়ে প্লে-অফে যাব কিনা তা নিয়ে সংশয়
ছিল, কিন্তু দলের এই টিম স্পিরিট, বন্ধন আমাদের এতদূর নিয়ে এসেছে। আমাদের মালিক (মিজানুর
রহমান) খুব ভালোভাবে সবকিছু সামলেছেন। যদিও তিনি ক্রিকেটীয় কোনো ব্যাপারে হস্তক্ষেপ
করেননি। এটা তিনি আমার ওপরই ছেড়ে দেন। আশাকরি, তার আস্থার প্রতিদান দিতে পেরেছি আমি।’










