ম্যানচেস্টার সিটির বিপক্ষে মহারণে নামার আগে দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ
শিবিরে। পেশীর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় উয়েফা চ্যাম্পিয়নস লিগে
সেমিফাইনালের প্রথম লেগে ক্যাসেমিরো ও ডেভিড আলাবার খেলা অনিশ্চিত। আগামীকাল রাত
১টায় সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সেমির প্রথম লেগে মুখোমুখি হবে স্প্যানিশ ও
ইংলিশ জায়ান্টরা। ম্যাচটি সামনে রেখে গতকাল সকালে অনুশীলন করেন রিয়াল ফুটবলাররা।
কিন্তু সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো ও লেফট ব্যাক আলাবা হালকা অনুশীলন
করেন। তারা এখনো পুরোপুরি সুস্থ নয়। যার ফলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কার্লো
আনচেলত্তি দুই শিষ্যকে পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আর এটি হতে পারে
রিয়ালের জন্য বড় ধাক্কা।
এর পরেও রিয়াল কোচ তাদের দুজনকে স্কোয়াডে রেখেছেন। আজ দুপুরেই
ম্যানচেস্টারে পৌঁছে গেছে রিয়াল কন্টিনজেন্ট এবং বিকেলে ইতিহাদ স্টেডিয়ামে অনুশীলন
করার কথা তাদের।
স্বস্তির খবর হলো চোট কাটিয়ে দল ফিরছেন রিয়ালের ফরাসি ফুল ব্যাক
ফারল্যান্ড মেন্দি। পেপ গার্দিওলার দলের বিপক্ষে তাকে শুরু থেকেই পাবেন আনচেলত্তি।
দুই স্ট্রাইকার মারিয়ানো দিয়াস ও লুকা জোভিচ বাদ পড়েছেন স্কোয়াড থেকে। এছাড়া
সম্প্রতি গোঁড়ালির অস্ত্রোপচার হওয়ায় এডেন হ্যাজার্ডও দলে নেই।
আজ সংবাদ সম্মেলনে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে মোকাবেলা করা নিয়ে ম্যানসিটি
কোচ পেপ গার্দিওলা বললেন,
ইতিহাস তাদের
হয়েই কথা বলবে। তাদের বিপক্ষে লড়াই করার আকাঙ্ক্ষা আছে আমাদের। তাদের বিপক্ষে
খেলাটা আমাদের জন্য আসলে অগ্নিপরীক্ষার। যতটা সম্ভব সেরাটা দেয়ার চেষ্টা থাকবে
আমাদের। এই পর্যায়ে তারা বহুবার খেলেছে। গত দশকে আমরা এই পর্যায়ে কখনই থাকতে
পারিনি, এখন আমরা এখানে এবং ভালো একটি
অবস্থানেই রয়েছি। ফাইনালে ওঠা আমাদের জন্য দারুণ এক উদাহরণ হবে কোনো সন্দেহ নেই।
বিবিসি ও মার্কা










