ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইনিংস ও ২৭৬ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। শোচনীয় ওই পরাজয়ে ভেঙে না পড়ে প্রোটিয়ারা প্রবল বিক্রমে ফিরে এসেছে এবং একই ভেনুতে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে তারা।
বড় সংগ্রহের আভাস দিয়েও শেষ পর্যন্ত ৩৬৪ রানে থামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। সারেল আরউই ২২১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে শুরুটা দুর্দান্ত হয় প্রোটিয়াদের। ৯১ রানের মধ্যেই নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেয় সফরকারী বোলাররা। ষষ্ঠ উইকেটে দলকে টানেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ড্যারিল মিচেল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ১৫৭ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। গ্র্যান্ডহোম ৫৪ ও মিচেল ২৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন জুটিতে দুজন তুলেছেন ৬৬ রান। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা তিনটি ও মার্কো ইয়ানসেন দুটি উইকেট নেন।
এর আগে প্রথম দিন তিন উইকেটে ২৩৮ রান তুলে নেয়া প্রোটিয়ারা গতকাল বাকি সাত উইকেট হারিয়ে বোর্ডে আরো ১২৬ রান যোগ করে। নেইল ওয়াগনার চারটি, ম্যাট হেনরি তিনটি ও কাইল জেমিসন দুটি উইকেট নেন।
দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে নিউজিল্যান্ড। সিরিজ হার এড়াতে এ ম্যাচটিতে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। ক্রিকইনফো










