বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল ছিল বিরতি। একদিনের বিরতি শেষে আজ খেলা মাঠে ফিরছে। সিলেটে বেলা ১টায় স্বাগতিক সিলেট টাইটানস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে, সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স, যার নেতৃত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া চট্টগ্রাম রয়্যালস ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে, রংপুর রাইডার্স ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে, সিলেট ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে, ঢাকা ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচে ও নোয়াখালী এক্সপ্রেস ৩ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।
এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো খেলা হচ্ছে না। আগের সূচি অনুযায়ী ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে ওই ম্যাচগুলো সিলেটে সরিয়ে আনা হয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও তা এখন হবে ১২ জানুয়ারি। এরপর বিপিএল চলে যাবে ঢাকায়। সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধা ও বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
১৫ জানুয়ারি ঢাকায় ফিরবে বিপিএল। সেখানে রাউন্ড রবিন লিগের ছয়টি ম্যাচ শেষে রয়েছে প্লে-অফ রাউন্ডের খেলা। এলিমিনেটর, কোয়ালিফায়ার-১, কোয়ালিফায়ার-২ শেষে ২৩ জানুয়ারি ফাইনাল।
বিপিএল এখন পর্যন্ত উইকেটে রংপুর রাইডার্সের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ শীর্ষে, আর রান করায় শীর্ষে আছেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন। ফাহিম আশরাফ নিয়েছেন ১১ উইকেট। এছাড়া রাজশাহীর পেস বোলার রিপন মন্ডল ও চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম উভয়ই নিয়েছেন ৬টি করে উইকেট। রাজশাহীর নাজমুল হোসেন ৪ ইনিংসে করেছেন সর্বোচ্চ ২০৩ রান। এর মধ্যে প্রথম দিনই সিলেটের বিপক্ষে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান তিনি। চলতি আসরে এখন পর্যন্ত ওই একটিই সেঞ্চুরি হয়েছে। এছাড়া সিলেটের পারভেজ হোসেন ইমন ১৮৪ রান করে দুইয়ে ও রংপুরের ডেভিড মালান ১৩৩ রান করে তিনে অবস্থান করছেন।
সর্বোচ্চ ৫টি ক্যাচ নিয়েছেন রংপুরের লিটন দাস। এছাড়া রাজশাহীর তানজিদ হাসান ৪টি ক্যাচ নিয়েছেন।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৩ হাজার ৮৩৫ রান করেছেন তামিম ইকবাল, যিনি চলতি আসরে খেলছেন না। চলতি আসরে রাজশাহীতে খেলা মুশফিকুর রহিম ৩ হাজার ৫৫৮ রান নিয়ে দুইয়ে অবস্থান করছেন। ৩ হাজারের বেশি রান করেছেন শুধু এই দুজনই। তামিমকে টপকাতে মুশফিককে করতে হবে আরো ২৭৮ রান। চলতি আসরে ৪ ম্যাচ খেলে তিনি করেছেন ১১২ রান।
এদিকে বিপিএলের ইতিহাস সর্বোচ্চ ১৪৯ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান, যিনি গত আসরের মতো চলতি আসরেও খেলতে পারছেন না। এছাড়া বর্তমানে ঢাকা টাইটানসে খেলা তাসকিন আহমেদ ১২৮ উইকেট নিয়ে রয়েছেন দুইয়ে।










