বিশ্বের ২০২টি দেশের অন্তত ২ হাজার ২০০ অ্যাথলিটের অংশগ্রহণে গতকাল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হলো ট্র্যাক ও ফিল্ডের সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ আসর আগামী বছরের প্যারিস অলিম্পিকের জন্য রিহার্সাল হিসেবে নেবেন অধিকাংশ অ্যাথলিট।

বুদাপেস্টে ৯ দিনের এ আসর থেকে অ্যাথলিটরা জানতে পারবেন অলিম্পিকের আগে তারা কে কোথায় অবস্থান করবেন, কিংবা অলিম্পিকেই বা তাদের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে। এছাড়া ক্রীড়া বিশ্বও বুঝতে পারবে, ১১ মাস পর শুরু হতে চলা অলিম্পিকের আকর্ষণীয় অ্যাথলেটিকস খেলায় কোন কোন খেলোয়াড়ের ওপর প্রত্যাশার চাপ থাকবে। আগামী বছর ২ আগস্ট শুরু হবে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলা।

তবে এটা শুধুই ওয়ার্মআপের আসর নয়। এই ৯ দিনের প্রতিযোগিতায় কোনো ইভেন্টে রেকর্ড ভাঙতে পারলেই একজন অ্যাথলিট পাবেন ১ লাখ ডলারের চেক! আর যারা পদকমঞ্চে উঠতে পারবেন, তারা নিজের ও দেশের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক নিয়ে দেশে ফেরার গৌরব অর্জন করবেন। 

বুদাপেস্টে যারা আলো ছড়াতে পারেন:

রঙিন চুল ও চকচকে নখের কারণে সহজেই সবার চোখে পড়েন শা’কারি রিচার্ডসন। তবে ২৩ বছর বয়সী এই স্প্রিন্টারের গতিই এখন তাকে আলোচনায় নিয়ে এসেছে। চলতি মৌসুমে ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় দ্রুততম ডালাস থেকে উঠে আসা এ তারকা। বুদাপেস্টে তিনি মেয়েদের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে লড়বেন। রিলেতে খেলার সুযোগ পাননি। 

দুই বছর আগে ইউএস অলিম্পিক ট্রায়ালে জিতলেও পরবর্তী সময়ে মারিজুয়ানায় পজিটিভ হলে পদক হারান শা’কারি রিচার্ডসন। 

এবার তিনি ফেভারিট হয়ে ফিরছেন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। ১০০ মিটারে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস মিলছে। বর্তমান চ্যাম্পিয়ন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে তো কখনই বাতিল করে দেয়া যাবে না। এছাড়া ফ্রেজারের জ্যামাইকান সতীর্থ শেরিকা জ্যাকসনের সঙ্গেও লড়াই হবে শা’কারি রিচার্ডসনের। শেরিকা চলতি মৌসুমে সবচেয়ে দ্রুততম স্প্রিন্টার। 

উল্লেখ্য, ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধি দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তিনি এ আসরে ভালো করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।গতকাল রাতেই হিটে তার ট্র্যাকে নামার কথা।

বুদাপেস্টে ২০ ও ২১ আগস্ট ১০০ মিটার এবং ২৩-২৫ আগস্ট ২০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে।  

মেয়েদের ৪০০ মিটারে ডমিনিকান রিপাবলিকের মেরিলেইডি পালিনহো, মেয়েদের ১৫০০ ও ৫০০০ মিটারে কেনিয়ার ফেইথ কিপিয়েগন, মেয়েদের পোল ভল্টে যুক্তরাষ্ট্রের কেটি মুন, মেয়েদের হেপ্টাথলনে যুক্তরাষ্ট্রের আন্না হল, ছেলেদের ২০০ মিটারে যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস, ছেলেদের গোলক নিক্ষেপে পোল্যান্ডের পাওয়েল ফাজদেক, ছেলেদের পোল ভল্টে মন্ডো ডুপলান্টিস, ছেলেদের ১০০ মিটারে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ও সম্প্রতি মোনাকোয় প্রথম কেনিয়ান হিসেবে ডায়মন্ড লিগ জেতা ফার্দিনান্দ ওমানিয়ালা এবং হাইজাম্পে ‘দ্য ফ্যালকন’খ্যাত কাতারের মুতাজ ইসা ব্রাশিম ফেভারিট হিসেবে খেলবেন।