স্নায়ুর পরীক্ষায় উতড়ে গিয়ে প্যারিস অলিম্পিক গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ব্যান হিওজিন। ১৬ বছর বয়সী শুটার এখনো স্কুলের গন্ডি পেরোননি!

 

ব্যান শীর্ষস্থান থেকে ছিটকেই যাচ্ছিলেন। যদিও চূড়ান্ত শটে ৯.৬ স্কোর গড়ে তিনি স্বর্ণের লড়াইয়ে ফেরেন। এরপর শুট-অফে হারান চীনের হুয়াং ইউটিংকে। মাত্র ০.১ পয়েন্টের সামান্য ব্যবধানে হুয়াংকে হারান তিনি।

 

ব্যানের চূড়ান্ত স্কোর ২৫১.৮। বাছাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে ফাইনালে আসা এই শুটার শিরোপার ফেভারিট হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত তার হাতেই উঠল স্বর্ণপদক। সুইজারল্যান্ডের অড্রে গগনিয়াত জিতেছেন ব্রোঞ্জ পদক।

 

কিশোরীর সাফল্যে দক্ষিণ কোরিয়ার স্বর্ণপদক এখন চারটি হয়ে গেল। তাদের সমান চারটি করে স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়ার আর জাপানও। ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও চীনের স্বর্ণ তিনটি করে।