টেস্ট ক্রিকেটে অভিষেকের ছয় বছর পর অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড। নিরপেক্ষ ভেন্যু আবুধাবির টলারেন্স ওভালে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন আফগানিস্তানকে ৬ উইকেট হারিয়েছে আইরিশরা।

 

আইরিশদের এই সাফল্য ঈর্ষণীয়ই বটে। কারণ খুব কম দেশই এত দ্রুততম সময়ে প্রথম জয় তুলে নিতে পেরেছে। অস্ট্রেলিয়া (১ ম্যাচ), ইংল্যান্ড (২ ম্যাচ), পাকিস্তান (২ ম্যাচ), আফগানিস্তান (২ ম্যাচ), ওয়েস্ট ইন্ডিজের (৬ ম্যাচ) পরই এখন আয়ারল্যান্ড (৮ ম্যাচ)।

দক্ষিণ আফ্রিকার প্রথম জয় পেতে লেগেছে ১২ ম্যাচ, শ্রীলংকার লেগেছে ১৪ ম্যাচ, ভারতের লেগেছে ২৫ ম্যাচ, বাংলাদেশের লেগেছে ৩৫ ম্যাচ ও নিউজিল্যান্ডের লেগেছে ৪৫ ম্যাচ।   


 

আফগানিস্তানকে প্রথম ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে দিয়ে নিজেরা ২৬৩ রান তোলে আয়ারল্যান্ড। ১০৮ রানের এই লিডটাই তাদের এগিয়ে রাখে। আফগানরা দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয়ে গেলে আয়ারল্যান্ড পড়ে ১১১ রানের ছোট টার্গেটের সামনে।

 

৩৯ রানের মধ্যে আয়ারল্যান্ডের চার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছিল আফগানরা। যদিও এরপর অধিনায়ক অ্যান্ড বলবির্নি (৫৮*) ও লরকান টাকারের (২৭*) দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা।

 

২০১৮ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্ট খেলে আয়ারল্যান্ড। ওই ম্যাচে তারা পরাশক্তি পাকিস্তানের কাছে ফলো-অনে পড়ার পর ৫ উইকেটে হেরেছে। এরপর ২০১৯ সালে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে, একই বছর ইংল্যান্ডের কাছে ১৪৩ রানে, ২০২৩ সালে বাংলাদেশের কাছে ৭ উইকেটে, একই বছর শ্রীলংকার কাছে দুবার ইনিংস ব্যবধানে এবং ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছে আয়ারল্যান্ড। এবার নিজেদের ইতিহাসে অষ্টম টেস্ট ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল আইরিশরা।

 

আয়ারল্যান্ডের মতোই ২০১৮ সালে টেস্ট অভিষেক আফগানিস্তানের। তারা এখন পর্যন্ত ৯টি টেস্ট খেলে ৬টিতে হেরেছে। তাদের ৩ জয়ের মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে। এছাড়া ১টি করে জয় পায় তারা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে।