চলতি মৌসুমের পর পিএসজি হয়ে খেলবেন না, সেটি আগেই জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে যাওয়ার আগেও দলের জন্য সর্বস্ব উজাড় করে খেলছেন ফরাসী তারকা। দ্বিতীয় লেগে জোড়া গোল করে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলছেন এমবাপ্পে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে জিতে আগেই এগিয়ে ছিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের ক্লবটি। ফিরতি লেগে ফ্রান্সের ক্লাবটি জিতেছে ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পিএসজি।

এদিন ম্যাচের ১৫ মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। ওসমানে দেম্বেলের বাড়িয়ে দেয়া বল দৌড়ে গিয়ে বক্সের মধ্যে লাইনের সামনে থেকে নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর কিছুটা সামনে এগিয়ে এসে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান বল। এমবাপ্পে গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেড অ্যান্ড ব্লুজরা।

বিরতির পর পর নিজের দ্বিতীয় গোলটি করেন এ ফরাসী তারকা। ৫৬ মিনিটের নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল পাঠান লি কাং-ইন। বামদিক দিয়ে ওপরে উঠে সেটা ক্ষীপ্রগতিতে নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। তখন তার সামনে ছিলেন কেবল সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরো। তাকে পরাস্ত করে করে বল জালে পাঠাতে ভুল করেননি ফ্রান্সের অধিনায়ক।

এরপর ম্যাচের শেষ সময়ে ৮৯ মিনিটে দুই লেগের একমাত্র গোল করে সোসিয়েদাদ। দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি।