জুয়াড়িদের চোখে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার কথা রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটির। অথচ এ দুটি দলের একটি তো সেমিফাইনালের আগেই বিদায় নিচ্ছে! ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিন মৌসুম ধরে নকআউট পর্বে রিয়ালের মুখোমুখি হচ্ছে সিটি। শুক্রবার নিওনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ড্রতে এমনই ভাগ্য বরণ করে দুই শিরোপাপ্রত্যাশী দল। ফলে ওয়েম্বলি ফাইনালে এ দুই দলকেই যে দেখা যাচ্ছে না, তা নিশ্চিত হয়েই গেল।
কয়েক মৌসুম ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট লড়াই হয় রিয়াল ও ম্যানসিটির মধ্যে। গত দুই মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হওয়া দুটি দল ২০২৩-২৪ মৌসুমে লড়বে কোয়ার্টার ফাইনালে। ৯ এপ্রিল বার্নাব্যুতে প্রথম লেগ, ১৭ এপ্রিল ইতিহাদে দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে।
গত মৌসুমে প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ৪-০ গোলের বিশাল জয় তুলে নেয় ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে সিটির জয় ছিল ৫-১ গোলের। তার আগের মৌসুমের সেমিতে ৬-৫ গোলের জয় পায় রিয়াল।
২০১৯-২০ মৌসুমের শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে ম্যানসিটি জিতেছে ৪-২ গোলে। ২০১৫-১৬ মৌসুমের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে রিয়ালের জয় ছিল ১-০ গোলের। এছাড়া ২০১২-১৩ মৌসুমে গ্রুপ ম্যাচে একটিতে ৩-২ গোলের জয় পায় রিয়াল, আরেকটি ১-১ গোলে ড্র হয়।
টানা তৃতীয় মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় রীতিমতো শিহরিত ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। তিনি মনে করেন এবারের লড়াই দুটি হবে দারুণ উপভোগ্য। স্প্যানিশ এ কোচের কথায়, ‘এটা যেন এক নিয়মে পরিণত হয়েছে। টানা তিনবার প্রতিযোগিতার রাজাদের মুখোমুখি হওয়া, যারা কিনা ১৪ বার শিরোপা জিতেছে। আশা করি আমাদের ভালো সময় কাটবে। মাদ্রিদে প্রথম লেগ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি, দেখি কী ঘটে। আমি এ লড়াই নিয়ে রীতিমতো শিহরিত।’
এছাড়া কোয়ার্টার ফাইনালে লুই এনরিকের প্যারিস সেন্ট জার্মেই খেলবে তারই সাবেক দল পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। বার্সেলোনার বর্তমান কোচ এনরিকেরই সাবেক শিষ্য জাভি হার্নান্দেজ। কাতারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা পিএসজি প্রথমবারের মতো শিরোপা জিততে মরিয়া। এটি হবে পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের শেষ মৌসুম। ইংল্যান্ডের দল আর্সেনাল খেলবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে এবং জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যানসিটি কিংবা রিয়াল যারাই জিতুক তারা সেমিফাইনালে সামনে পাবে আর্সেনাল কিংবা বায়ার্ন মিউনিখকে। আর্সেনাল ও ম্যানসিটি উভয়ই জিতলে অল-ইংলিশ সেমিফাইনাল হবে। তেমনি পিএসজি ও বার্সার মধ্যকার বিজয়ী দল শেষ চারে মুখোমুখি হবে অ্যাটলেটিকো কিংবা বরুশিয়ার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ আগামী ৯-১০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৬-১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে এবং দ্বিতীয় লেগ ৭-৮ মে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ১ জুন।










