গুঞ্জন আগে থেকেই ছিল। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। ইউরোপের ফুটবল ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৩১ বছর বয়সী নেইমার পিএসজি ছেড়ে যোগ দিচ্ছেন আল হিলালে। তার সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা হয়ে গেছে সৌদি আরবের ক্লাবটির।

নেইমারকে কেনার বিষয়টি নিশ্চিত করে আল হিলাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল হিলাল। সেখানে নেইমার বলছেন,  ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। ’

নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে।

নেইমারের জন্য পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো দেবে আল-হিলাল। দুই বছরের চুক্তিতে আল-হিলালে যোগ দিচ্ছেন নেইমার। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। পিএসজিতে বছরে ২৫ মিলিয়ন ইউরো বেতন পেতেন নেইমার। আল-হিলালে দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পাবেন তিনি।