বার্সেলোনায় একই ম্যাচে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার জুনিয়র ত্রয়ীর গোল করার ঘটনা ঘটেছে কয়েকবার। এখন সুয়ারেজ অ্যাতলেটিকো মাদ্রিদে। গত আগস্টে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি। সেখানে তৈরি হয় মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী। মৌসুমের বেশিরভাগ অংশ খেলে ফেললেও এমএনএম ত্রয়ীকে একই ম্যাচে এর আগে গোল করতে দেখা যায়নি। তবে গতকাল রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ভক্তদের সেই চাওয়া পূরণ করেছেন তিন স্ট্রাইকার। লিগের ৩০তম রাউন্ডের ম্যাচে লরিয়ঁকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। দলের জয়ে নেইমার-এমবাপ্পে জোড়া এবং মেসি একটি গোল করেছেন।

চলতি মৌসুম শেষে এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়ে কথা হচ্ছে। যদি তাই হয়, আগামী মৌসুম থেকে ফরাসি ক্লাবটিতে দেখা যাবে না এমবাপ্পেকে। ফ্রেঞ্চ লিগে তাদের খেলা আছে আর ৮টি। কিন্তু এক ম্যাচে মেসি, নেইমার ও এমবাপ্পেকে একসঙ্গে গোল করতে আর দেখা যাবে কি? হতেও পারে এই ত্রয়ীর এটাই একসঙ্গে গোল করার প্রথম এবং শেষ ম্যাচ।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েঁর বিপক্ষে দারুণ এক আক্রমণে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির ফ্লিক খুঁজে পায় এমবাপ্পেকে। ডিফেন্ডারের বাধা এড়িয়ে ফরাসি স্ট্রাইকার পাস বাড়ান নেইমারকে। জোরাল শটে জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা।

২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ইদ্রিসা গেয়ির পাস ধরে ডি-বক্সে থেকে কোনাকুনি শটে গোলটি করেন এই ফরাসি তারকা।

৫৬ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে পিএসজি। তবে গোল হজম করলেও ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেন এমবাপ্পে। ৭৩ মিনিটে গোল করে পিএসজির জয় প্রায় নিশ্চিত করেন মেসি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে লরিয়েঁর কফিনে শেষ পেরেক ঠুকে দেন নেইমার। লিগে ৩০ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৬৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্শেই।

এদিকে রাতে লা লিগায় পেদ্রির একমাত্র গোলে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে বার্সেলোনা। ২৯ ম্যাচে বার্সার ৫৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের ৬৯ পয়েন্ট।

সিরি-এ লিগে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে ইন্টার মিলান। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দলটি এখন তিন নম্বরে। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।