গত ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের
বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত রওনা
হন বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমান। যদিও সেই থেকে এখন পর্যন্ত টানা তিন
ম্যাচে তাকে খেলায়নি দিল্লি ক্যাপিটালস। বেঞ্চেই সময় কাটছে তার। আজও তাকে ছাড়াই
মাঠে নেমেছে দিল্লি।
দিল্লি প্রথম ম্যাচে লক্ষ্ণৌ
সুপারজায়ান্টের কাছে হেরেছে ৫০ রানে। পরের ম্যাচে তারা ৬ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের
কাছে। আজ শনিবার ডেভিড ওয়ার্নারের দল মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের। এ ম্যাচে বিদেশি
কোটায় সুযোগ পান ওয়ার্নার, রাইলি রুশো, রভম্যান পাওয়েল ও এনরিখ নরকিয়া।
বেঞ্চে মুস্তাফিজের সঙ্গী হন মিচেল মার্শ ও
লুংগি এনগিডি। আজ না খেলায় মুস্তাফিজের অপেক্ষা বাড়ল। দিল্লির পরের ম্যাচ
মঙ্গলবার, মুম্বাইয়ের বিপক্ষে।
দিল্লি এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে
দুটিতেই হেরেছে।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে
অভিষেক মুস্তাফিজের। প্রথম মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি সেরা উদীয়মান
খেলোয়াড় হন। তার দল শিরোপা জয় করে। ২০১৭ সালেও সানরাইজার্সে খেলেন। ২০১৮ সালে তিনি
যোগ দেন মুম্বাই ইন্ডিয়ান্স দলে। ২০২১ সালে খেলেন রাজস্থান রয়্যালসে। ২০২২ সালে তাকে
নেয় দিল্লি। এবারো সেই দলেই আছেন।
আন্তর্জাতিক টি২০তে ৮৩ ম্যাচে ১০০ উইকেট
শিকার করেছেন মুস্তাফিজ। আর ঘরোয়া মিলে টি২০তে ২২০ ম্যাচে তার উইকেটসংখ্যা ২৭২।










