লিভারপুলের ইতিহাসে অন্যতম সেরা কোচ ইয়ুর্গেন ক্লোপ অ্যানফিল্ডে থাকছেন ২০২৬ সাল পর্যন্ত। জার্মান এই কোচ বৃহস্পতিবার নতুন চুক্তিতে সই করেছেন।

 

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২০১৫ সালে লিভারপুলে যোগ দেয়া ক্লোপ ইংলিশ ক্লাবটিকে অবিশ্বাস্য সাফল্য এনে দিচ্ছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর পর ২০২০ সালে লিগ শিরোপাও জিতিয়েছেন দলকে। আর চলতি মৌসুমে তো ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে অল রেডরা। এ মৌসুমে চারটি শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। এরই মধ্যে কারাবাও কাপ শিরোপা ঘরে তুলেছে অল রেডরা। ১৪ মে এফএ কাপ ফাইনালে চেলসির মুখোমুখি হবেন সালাহ-মানেরা।

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ফাইনালের পথে লিভারপুল।  বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে তারা হারিয়েছে ভিলারিয়ালকে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপার রেসে রয়েছে তারা। টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে রয়েছে অল রেডরা। অ্যানফিল্ডে সোনালী অতীত ফিরিয়ে আনা এই কোচকে তাই কিছুতেই হাতছাড়া করতে চায়নি অল রেডরা। ক্লোপ নিজে থেকেও এখনই চলে যেতে চাননি। তাই দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি সম্পন্ন হলো কোনো দীর্ঘসূত্রিতা ছাড়াই।

 

লিভারপুলের মালিকানায় থাকা ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) প্রেসিডেন্ট মাইক গর্ডন সম্প্রতি লিভারপুলে এসে কথা বলেন ক্লোপের এজেন্ট মার্ক কোসিকের সঙ্গে। তাতেই আলোর মুখ দেখে ক্লোপের নতুন চুক্তি।

 

লিভারপুল মালিকের কাছে ক্লোপকে ক্লাবটির জন্য একেবারে যুত্সই কোচ মনে হয়। তাই তিনি এই জার্মান কোচকে যতটা দীর্ঘ সময়ের জন্য সম্ভব চুক্তিতে বেধে রাখতে আগ্রহী। তার প্রত্যাশা পূরণ হয়েছে।

 

এর আগে ক্লোপ বলছিলেন, তিনি ২০২৪ সালের পরও এই ক্লাবের কোচ হিসেবে কাজ করে যেতে চান, তবে ততদিন থাকবেন যতদিন তার মধ্যে জয়ের ক্ষুধা থাকবে। ৫৪ বছর বয়সী এই কোচ বলেন, আমার মধ্যে যদি সেই মাত্রার কর্ম উদ্দীপনা থাকে তবে আমি থাকব। এটা থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি যা করি তা করতে ভালোবাসি। আমি অতীতেও বহুবার বলেছি, এই যে খুবই কুশলী, সুদর্শন, অবিশ্বাস্য সুন্দর ফুটবল খেলোয়াড়দের নিয়ে ভাবার বাইরেও একটা জগত আছে যেখানে অনেক কিছু করা যায়। কিন্তু এখন আমি সেসব নিয়ে ভাবছি না। এ মুহূর্তে আমার মধ্যে পূর্ণ কর্ম উদ্দীপনা রয়েছে। আমি মোটেও নিজের কাজে প্রতি ত্যক্ত-বিরক্ত হয়ে কাজ করে যেতে পারি না।

 

মাঝে গুঞ্জন ছিল যে, ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ করে তিনি ফুটবল থেকে কিছুদিনের জন্য বিরতি নেবেন। যদিও ক্লাবটি ক্লোপ ও তার কোচিং স্টাফদের লম্বা চুক্তিতে বেধে ফেলল।

 

চুক্তি সই করার পর ক্লোপ বলেছেন, তিনি ‘আনন্দিত, বিনীত, ভাগ্যবান, শিহরিত’। তার কথায়, মালিকপক্ষ যখন চুক্তি নবায়নের কথা তুলল তখন আমি নিজেকে প্রশ্ন করেছি, অবিশ্বাস্য এই ক্লাবটি একজন ম্যানেজারের কাছ থেকে যতটা প্রাণশক্তি আর কর্ম উদ্দীপনা আশা করে আমার মধ্যে কি তা অটুট আছে? সত্যটি জানতে আমাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। উত্তরটা ছিল খুবই সোজা...আমি এখানের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে আছি এবং বেশ ভালো বোধ করছি।

 

চুক্তি নবায়নের কাগজে সই করেছেন ক্লোপের সহকারী পিটার ক্রাভিয়েত্জ ও পেপ লিন্ডার্স। একত্রে প্রকল্পটি সামনে এগিয়ে নিতে কোচিং স্টাফের অন্যদেরও চুক্তি নবায়ন করাটা ক্লোপের কাছে ‘বিরাট’ আনন্দের।

 

চুক্তি নবায়নে স্ত্রী বড় প্রভাবক ছিল বলে উল্লেখ করেন ক্লোপ। তিনি বলেন, আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি করেছিলাম আমার স্ত্রী উল্লার সঙ্গে। ডাইনিং টেবিলে বসে আলাপচারিতার সময় সে বলছিল: ‘আমরা তো মনে হয় না আমরা ২০২৪ সালে বিদায় নিচ্ছি।’ আসলে এভাবেই এর শুরু। এই জায়গাটি ও ক্লাবটির প্রতি আমার অনেক ভালোবাসা। আমি আসার সময়ই জানতাম, আমার আগে এটি আরো অনেক বালো ছিল। এখন আমি জানি, এটি যেকোনো সময়ের চেয়ে সেরা।

 

চুক্তি নবায়নের পর মেয়াদ পূর্ণ হলে ক্লোপ হবেন বিল শ্যাঙ্কলির পর লিভারপুলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের কোচ। বিল শ্যাঙ্কলি ১৯৫৯ থেকে ১৯৭৪ পর্যন্ত লিভারপুলের কোচ ছিলেন।

 

লিভারপুলের ইতিহাসে কোচদের মধ্যে জয়ের হার সবচেয়ে ভালো ক্লোপের। তার সময় ৩৭৩ ম্যাচে ৬১.৩৯ শতাংশ জিতেছে লিভারপুল। অন্য কোচদের রেকর্ড—বিল শ্যাঙ্কলি (৫২.১১%), বব পেজলি (৫৭.৫৭%), জো ফাগান (৬০.৯১%)।

মার্কা, বিবিসি ও ডেইলি মেইল