ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতে নেইমার ও এমবাপ্পের জোড়া হ্যাটট্রিকে ক্লারমন্টকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে টানা দুই ম্যাচে দুইয়ের অধিক গোল পেলেন দুজন। এ রাতে গোল না পেলেও তিনটি গোলে ছোঁয়া ছিল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির।

 

নেইমারের হ্যাটট্রিকের একটি গোল এসেছে পেনাল্টি থেকে। এমবাপ্পের বিপজ্জনক একটি কাট-ব্যাকের সময় তাকে বক্সের মধ্যে ফেলে দেয়া হলে পেনাল্টি পায় পিএসজি। ১২ গজ দূর থেকে স্পট-কিকে গোল আদায় করে নেন নেইমার। এছাড়া বাকি পাঁচ গোলের মধ্যে তিনটিতে অ্যাসিস্ট করেন মেসি, আর দুটি নেইমার ও এমবাপ্পের। অর্থ্যাত্, পিএসজির ৬টি গোলই হয়েছে পিএসজির আক্রমণভাগের এই ‘ত্রিশূল’ এর সম্মিলিত প্রচেষ্টায়!

 

নেইমার ও এমবাপ্পের যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অবিরত। ৩ এপ্রিল লরাঁর বিপক্ষে লিগ ম্যাচে দুজনই করেন জোড়া গোল, আর লিওনেল মেসির পা থেকে আসে একটি গোল। ওই ম্যাচটি পিএসজি জিতে যায় ৫-১ গোলে। এবার ক্লারমন্টকেও গোলবন্যায় ভাসালেন প্যারিসিয়ানরা। এ নিয়ে টানা দুই ম্যাচে আক্রমণভাগের এই ত্রয়ী করলেন ১১ গোল!

 

শনিবার জয় শেষে মেসি ও এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিক করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আরো খুশি আমাদের দল জিতেছে বলে এবং আমাদের সবার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। প্রতিটি ম্যাচেই আমাদের মধ্যে রসায়নটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। বুদ্ধিদীপ্ত খেলোয়াড়দের সঙ্গে খেলাটা আসলে অনেক সহজ। লিও ও কিলিয়ান অবিশ্বাস্য, তারা দুজনই অত্যন্ত মেধাবী।


 

এই জয়ের পর ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সুবাস পাচ্ছে পিএসজি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রেনের পক্ষে পিএসজিকে ধরা অসম্ভবই বটে।

 

এদিকে আজ রাতে ইতিহাদ স্টেডিয়াম হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পেপ গার্দিওলার দল ৭৩ পয়েন্ট নিয়ে মাঠে নামবে, আর অল রেডরা ৭২ পয়েন্ট নিয়ে তাদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে। এই ম্যাচ শেষে আর সাত রাউন্ড বাকি থাকবে। আজ যারা জিততে মৌসুম শেষে শিরোপা তাদের হাতেই উঠবে, এমনটা ধরেই নেয়া যায়।

 

শনিবার রাতে চেলসি ৬-০ গোলে সাউদাম্পটনকে ও টটেনহাম ৪-০ গোলের বিশাল ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারালেও এভারটনের মাঠে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-০ গোলে গেতাফেকে হারায়, আর তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হেরেছে মায়োর্কার মাঠে। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

 

ইতালিতেও দারুণ জমেছে শিরোপার লড়াই। ইন্টার মিলান শনিবার রাতে ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে এসি মিলানের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে। ৩১ রাউন্ড শেষে এসি মিলানের পয়েন্ট ৬৭, ইন্টার ও ন্যাপোলির সমান ৬৬ পয়েন্ট। বিবিসি ও পিএসজি ফুটবল অবলম্বনে