২২৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা দিয়ে ভুল নাকি সঠিক
করেছেন প্যাট কামিন্স, তা আগামীকাল লাহোর টেস্টের শেষ দিন জানা যাবে।
প্রথম ইনিংসে ১২৩ রানে এগিয়ে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে উসমান খাজার
সেঞ্চুরিতে (১০৪*) তিন উইকেটে ২২৭ রান তুলে ইনিংস ঘোষণা করে
অজিরা। এতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩৫১ রান।
আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের তৃতীয় সেশনে ২৭ ওভার
বোলিং করে পাকিস্তানের কোনো উইকেট শিকার করতে পারেননি স্টার্ক-কামিন্সরা। ফলে
টেস্টের পঞ্চম দিন অপেক্ষা করছে অতি নাটকীতার।
আজ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৩
রান। শুক্রবার শেষ দিন স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন আরো ২৭৮ রান। অস্ট্রেলিয়ার
প্রায়োজন তার আগেই ১০টি উইকেট তুলে নেয়া। ইমাম-উল-হক ৪২ ও
আব্দুল্লাহ শফিক ২৭ রানে অপরাজিত আছেন।
তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে
দলগুলোর ব্যাটিং গড় খুবই খারাপ— মাত্র ১৪৮ রান।
এরপরও ঘরের মাঠে হয়তো ছেড়ে কথা বলতে চাইবেন না দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম-মোহাম্মদ
রিজওয়ানরা।
তিন ম্যাচের সিরিজে প্রথম ও দ্বিতীয় টেস্টটি ড্র হয়।










