নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি পয়েছেন সাকিব আল হাসান। -সাকিবকে রেখেই সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দল ঘোষণার ঘণ্টাখানেক পর জানা গেলো পারিবারিক কারণ দেখিয়ে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ছুটি অবশেষে মঞ্জুর করেছে বিসিবি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

বোর্ড সভাপতি বলেছেন, সাকিবের মঞ্জুর করা হয়েছে। যার বিশ্রাম দরকার, তাকে তো বিশ্রাম দিতেই হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর সাধারণ খেলোয়াড়। ওর (সাকিব) ব্যাপারটা ভিন্ন। ওতো আর ইনজুরিতে না। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে।

শনিবার বোর্ড সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ছুটির ব্যাপারে সাকিবের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো আবেদন তারা পাননি। এই ঘোষণার একঘণ্টা পর সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ জনের দল ঘোষণা করে বিসিবি। এর আধঘণ্টা পর পারিবারিক কারণে নিউজিল্যান্ডে যেতে পারছেন না বলে সাকিব বিসিবি বরাবর আনুষ্ঠানিক চিঠি দেন।

যদিও বিসিবি সভাপতি এখানে ব্রিবতকর কিছু দেখছেন না। পাপন বলেন, না, না বিব্রতকর না। আনঅফিসিয়ালি আমরা জানতাম। ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে সবকিছু আনঅফিসিয়ালি হয়ে আসছে। যার কারণে অনেক কনফিউশনের সৃষ্টি হয়। এই কনফিউশন যাতে না হয়, এই কারণে বলা হচ্ছে তারা (ক্রিকেটার) যেন আনুষ্ঠানিকভাবে জানায়।

জানুয়ারিতে থেকে জটিলতা এড়াতে আগে ভাগেই ক্রিকেটারদের ছুটি নিতে হবে। এমনটাই জানালেন নাজমুল হাসান, এটাতো আগে থেকেই বলে আসছি। কেউ যদি ছুটি চায়, খেলতে না চায়, বিশ্রাম চায়, ব্রেক চায়- আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু সেটি আনুষ্ঠানকিভাবে হতে হবে। জিনিসটা হচ্ছে আমরা এ বিষয়টি আগাম জানতে চাই। হঠাত্ করে আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আগামী জানুয়ারি থেকে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে কারও যদি রেস্ট-ব্রেক লাগে, আমাদের আগে থেকে জানাতে হবে। তাহলে আমরা অন্য খেলোয়াড়কে রেডি করতে পারবো।

এ নিয়ে তিনবারের মতো নিউজিল্যান্ড সফরে মিস করছেন সাকিব। ২০১৯ সালে প্রথমবার চোটের কারণে সফরে যেতে পারেননি। চলতি বছর দ্বিতীয়বার একই সফর মিস করেন পারিবারিক কারণে। একই কারণে এবারো তার যাওয়া হচ্ছে না।

৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সফরে মুমিনুল হকরা দুটি টেস্ট খেলবে। চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতেও বাংলাদেশ নিউজিল্যান্ড গিয়েছিল। সেবার ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। এবার সাত দিনের কোয়ারেন্টিন মানতে হবে।