চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ এখন পাকিস্তানের হাতে। আগামীকাল শেষ দিন অলৌকিক কিছু না ঘটলে সফরকারীদের জয় শুধু সময়ের ব্যাপার। ২০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আজ চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। জিততে তাদের প্রয়োজন আর ৯৩ রান। হাতে আছে ১০ উইকেট, আর পুরো পঞ্চম দিন। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে অরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে পাওয়া ৪৪ রানের লিডসহ অতিথিদের ২০২ রানের টার্গেট দিতে সমর্থ হয় মুমিনুল হকের দল। দলের চার ব্যাটার ফেরেন শূন্য রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ৮৯ বলে ৬ বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে নাস্তানাবুদ করে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি নেন পাঁচটি উইকেট।
চার উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন মাঠ ছাড়ে বাংলাদেশ। আজ চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে টাইগাররা। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও লিটন দাস দলকে টানছিলেন। দলীয় ৯০ রানের রাব্বি চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়লে ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে নিজেকে মেলে ধরতে পারেননি রাব্বি। দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আজ টেস্টের চতুর্থ দিন পানি পানের বিরতির আগে আফ্রিদির একটি বাউন্সার সরাসরি তার হেলমেটে লাগে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। মাঠে ফিজিও এলে তার সঙ্গে কথা বলে খেলা চালিয়ে যান। কিন্তু পানি বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই ব্যাটার। তার আগে ৭২ বল মোকাবেলায় করেন ৩৬ রান।
পরে মাথার এক্সরে করাতে তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি উঠে যাওয়ায় তার বদলে ‘কনকাশন সাব’ হিসেবে নুরুল হাসান সোহান মাঠে নামেন।
১১ রান করে সাজিদ খানের শিকার হন মিরাজ। এরপর কনকাশন সাব সোহান ৩৩ বলে ১৫ রান করে সাজিদ খাদের শিকার হন। দেখে-শুনে খেলে লিটন তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ১০ম হাফসেঞ্চুরি। যদিও এরপর বেশিদূর যেতে পারেননি। ৫৯ রানে আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আবু জায়েদ ও তাইজুলের রানের খাতাই খোলা হয়নি। তাতে স্বাগতিকরা ৫৬.২ ওভারে গুটিয়ে যায় ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে হাসান আলী ২টি ও সাজিদ খান ৩টি উইকেট নেন।
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান। পাকিস্তানকে প্রথম ইনিংস ২৮৬ রানে গুটিয়ে ৪৪ রানের লিড পায় মুমিনুল হকের দল।










