গল টেস্টে ৪০ উইকেটের মধ্যে ৩৭টিই নিয়েছেন স্পিনাররা! পেসারদের দখলে মাত্র একটি উইকেট। বাকি দুই উইকেট রান আউটে। এর মধ্যে তিন ইনিংসের ৩০ উইকটে ছিল পুরোপুরি স্পিনারদের দখলে। স্পিনারদের কর্তৃত্বপূর্ণ গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে হারিয়েছে শ্রীলংকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার ছুড়ে দেয়া ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। অতিথিদের হয়ে এনক্রুমাহ বোনার সর্বোচ্চ ৪৪ ও জার্মেইনে ব্ল্যাকউড ৩৬ রান করেন। মূলত রমেশ মেন্ডিস ও লাসিথ এমবুলদেনিয়ার স্পিন বিষে নীল হয়েছে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটই নেন এ দুই বোলার। দু’জনেরই শিকার পাঁচটি করে উইকেট।
এর আগে ধনঞ্জয়া ডি সিলভার হার না মানা ১৫৫ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে নয় উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা দেয় শ্রীলংকা। আগের দিন অপরাজিত থাকা এমবুলদেনিয়া আজ ফেরেন ৩৯ রানে।
প্রথম ইনিংসে লংকানদের সংগ্রহ ছিল ২০৪ রান। ওয়েস্ট ইন্ডিজ করে ২৫৩ রান। ইনিংস থেকে ৪৯ রান লিড পায় ক্যারিবিয়ানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ধনঞ্জয়া টেল-এন্ডারদের নিয়ে অনবদ্য লড়াই করে দলকে তিনশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। এজন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। পুরো সিরিজে বল হাতে নৈপুণ্য দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন রমেশ মেন্ডিস।
দুই জয়ে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে এখন শ্রীলংকা।










