ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলংকা। খাদ্য, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম সংকটের কারণে মানুষ রাস্তায় নেমেছে। প্রতিবাদ করছে দেশটির সরকারের বিরুদ্ধে। দেশের এ দুর্দিনে এবার মুখ খুলেছেন দুই লংকান ক্রিকেট কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।
আইপিএলের কারণে সাবেক দুই ক্রিকেটার এখন ভারতে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ সংকটের সমাধান চেয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বে জয়াবর্ধনে। সাঙ্গাকারা আছেন রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে।
দূরে থাকলেও দেশের পরিস্থিতিতে মন বড় অস্থির দুজনের।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই জানিয়েছেন হতাশা। জয়াবর্ধনে টুইটারে জানিয়েছেন, শ্রীলংকায় জরুরি অবস্থা ও কারফিউ দেখে মন খারাপ লাগছে। সরকার জনগণের অধিকার উপেক্ষা করতে পারে না। মানুষের প্রতিবাদ করার সব রকমের অধিকার আছে। যারা প্রতিবাদ করছে, তাদের আটক করা একদম অনুচিত।
শ্রীলংকার এ সংকটের পেছনে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দায়কেই বড় মনে করছেন দেশটির সাধারণ মানুষ। জয়াবর্ধনেও এ নেতাদের দিকে ইঙ্গিত করে তাদের ভুল স্বীকারের আহবান জানান। সাবেক লংকান তারকা লিখেছেন, প্রকৃত নেতারা নিজেদের ভুল মেনে নেয়। দেশের মানুষকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে, দুর্দশায় পাশে থাকতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে দিতে একটা ভালো রাজনৈতিক দল দরকার। এখন বিনীত হওয়ার সময়, ঠিক কাজ করার সময়, অজুহাত গ্রহণযোগ্য নয়।
ইন্সটাগ্রামে সাঙ্গাকারা বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, শ্রীলংকানরা ভীষণ কঠিন সময় পার করছেন। একটা দিন কাটাতে মানুষের দুর্দশা ও ভোগান্তি দেখা হৃদয় বিদারক। জনগণ সমাধান চাইছে। সরব হচ্ছে। কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। রাজনৈতিক ধ্বংসাত্মক চিন্তা ভাবনার বদলে সবার উচিত শ্রীলংকার স্বার্থ দেখা। জনগণ শত্রু নয়, জনগণই দেশ। মানুষের ভবিষ্যৎ রক্ষা করতে হবে।










