ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে গড়া এজাজ প্যাটেল নিউজিল্যান্ডের পরের টেস্টেই দল থেকে বাদ পড়লেন! বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে তাকে দলে রাখেনি কিউই বোর্ড। যদিও বাদ পড়ে মোটেও হতাশ নন এ বাঁহাতি স্পিনার।

ডিসেম্বরের শুরুতে মুম্বাই টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েন এজাজ। মাসের শেষভাগে এসে তিনি মুদ্রার উল্টো পিঠও দেখে নিলেন, বাদ পড়লেন দল থেকে। এর মূল কারণ, ঘরের মাঠে নিউজিল্যান্ডের পেসারদের সাফল্য। গত তিন বছরে টেস্টে ঘরের মাঠে নিউজিল্যান্ডের স্পিনাররা বোলিং করেছেন মোটে ১৫২.৩ ওভার। যেখানে তাদের উইকেট সাতটি, স্ট্রাইক রেট ১৩০.৭। যার মধ্যে ১০০ ওভারের বেশি করার সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার। আর তার একাদশে জায়গা পাওয়ার মূল কারণ, ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য।

এই সময়ে নিউজিল্যান্ডের পেসাররা বোলিং করেছেন এক হাজার ৫৬৫.৩ ওভার। ৪৭.৯ স্ট্রাইকরেটে উইকেট নিয়েছেন ১৯৬টি। ঘরের মাঠে তিন টেস্ট খেলে এজাজ ৪৯ ওভার বোলিং করে কোনো উইকেট নিতে পারেননি। আবেগের বশবর্তী হয়ে নয়, পরিসংখ্যানের বিচারেই তাকে বাদ দেয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে একমাত্র স্পিনার রাচিন রবীন্দ্র। যদিও তিনি ব্যাটিং অলরাউন্ডার। আর এস কারণেই তার দলে জায়গা মিলেছে। এ বাস্তবতা বুঝতে পারছেন কেবল ১০ গড়ে রান করা এজাজ। তিনি বলেন, বাস্তবতা হলো তারা (দল) ঘরের মাঠে আরো বেশি ব্যাটিং খুঁজছে এবং সেটা নিয়েই আমি কাজ করছি। আশা করি, ভালো কিছু ইনিংস খেলার সুযোগ পাব এবং নিশ্চিত করব, ভালো করার ক্ষুধাটা আছে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা কিছু ফাস্ট বোলার আছে দলে। এটা অন্য কোনো যুগের ফাস্ট বোলারদের অসম্মান করা নয়, বরং এটাই এখন বাস্তবতা।

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট।