ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও যুদ্ধের যেন কোনো শেষ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে চলে এসেছে প্যারিস অলিম্পিক গেমস। এ গেমসে রাশিয়ার অ্যাথলেটদের অংশগ্রহণ নিয়ে সবুজ সংকেত দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। যদিও ইউক্রেন হুমকি দিয়েছে, রাশিয়া ও বেলারুশকে গেমসে অংশগ্রহণের সুযোগ দিলে গেমসটি বয়কটও করতে পারে তারা। এছাড়া কিয়েভ অন্য জাতিগুলোকেও তাদের সঙ্গে যোগ দিতে উৎসাহিত করবে।

আইওসি বলেছে, প্যারিসে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশগ্রহণ করতে পারবে রাশিয়া ও তার মিত্র বেলারুশের অ্যাথলেটরা।

রাশিয়ার আক্রমণে ইউক্রেনের লাখ লাখ মানুষের মৃত্যুর পাশাপাশি প্রাণ গেছে অনেক অ্যাথলেটের, সঙ্গে ধ্বংস হয়েছে তাদের ক্রীড়া স্থাপনাও। এসব মনে করিয়ে দিয়ে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হাত্তসাইত বলেন, ‘রাশিয়া ও বেলারুশিয়ান অ্যাথলেটদের অন্তর্ভুক্তির বিষয়টি আমরা মেনে নিতে পারি না।’