কোপা আমেরিকার আগে দুটি গা গরমের ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন
ব্রাজিল। প্রথম ম্যাচের প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়েছিল। এবার জানা গেল, দ্বিতীয় ম্যাচটি
ব্রাজিল খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
আগামী ১২ জুন অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত
হবে ম্যাচটি। এর আগে ৮ জুন ব্রাজিল লড়বে মেক্সিকোর বিপক্ষে। যুক্তরাষ্ট্র প্রথম প্রস্তুতি
ম্যাচটি খেলবে ৯ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যারিল্যান্ডে।
কোপা আমেরিকা আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত
হবে। এবারের আয়োজনে কনমেবল থেকে ১০টি দল, কনকাকাফ থেকে ছয়টি দল মিলে সর্বমোট ১৬ দল
৩২ ম্যাচে অংশ নিবে।
ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলে প্রস্তুতির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত
যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার। তিনি বলেন, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের
চ্যালেঞ্জ করার কথা যদি ভাবি, তাহলে ব্রাজিলের চেয়ে ভালো প্রতিপক্ষ আর হতে পারে না।
‘ডি’ গ্রুপে ব্রাজিল লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে
ও কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা একটি দলের সঙ্গে। এর আগেই অবশ্য আগামী মাসে দুটি
প্রীতি ম্যাচ খেলবে তারা ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে।
‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ উরুগুয়ে,
পানামা ও বলিভিয়া।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে খেলবে
পেরু, চিলি ও কনক্যাকাফ অঞ্চলের প্লে অফ থেকে আসা দলের বিপক্ষে। টুর্নামেন্টের আগে
তারা প্রস্তুতি ম্যাচ খেলবে গুয়াতেমালা ও একুয়েডরের সঙ্গে।










