বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে প্লে-অফের কাছাকাছি পৌঁছে গেল রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার চট্টগ্রামে তারা ৭৮ রানে হারায় খুলনা টাইগার্সকে। এই জয়ের পর ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করল নুরুল হাসান সোহানের দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তাদের পরে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসানের ব্যাটে ভর করে ৫ উইকেটে ২১৯ রানের সৌধ গড়ে রংপুর। সাকিব ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৬৯ এবং মেহেদী ৩৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬০ রান করেন। এছাড়া নুরুল হাসান ১৩ বলে ৩২ ও ডোয়াইন প্রিটোরিয়াস ১২ বলে ১৭ রান করেন।

 

এরপর দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাবেক স্পিনার ইমরান তাহিরের (৫/২৬) ঘূর্ণিতে এলেমেলো খুলনা টাইগার্স। ১৮.২ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দলটি। ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস সর্বোচ্চ ৬০ রান করেন ৩৩ বলের মোকাবেলায়।

 

 

এটা খুলনার টানা চতুর্থ হার। টানা চার জয়ের পর টানা চার ম্যাচ হারল এনামুল হক বিজয়ের দল। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের ৫ নম্বেরে। অন্যদিকে, রংপুর টানা ৬ ম্যাচ জিতেছে।  

 

খুলনা বুধবার সন্ধ্যায় খেলবে কুমিল্লার বিপক্ষে। দুপুরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা।