বাংলাদেশ ক্রিকেট কেন থমকে গিয়েছে? কেন উন্নতি হচ্ছে না? সেই প্রসঙ্গে বিস্ফোরণ ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তার বিস্ফোরক দাবি, ‘সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে চলতে থাকা ঝামেলা দ্বন্দ্বই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের বড় সমস্যা। বিসিসি বসের দাবি, দুই তারকার ইগোর লড়াইয়ের জন্যই ড্রেসিংরুমে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠেছে।’

সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন বলেন, ড্রেসিংরুমে পরিবেশ মোটেই ভালো নয়। এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। সাকিব-তামিমের মধ্যে ফাটল মিটিয়ে ফেলার অনেক চেষ্টা করেছি। ওদের দুজনের সঙ্গেই অনেকবার কথা বলেছি। ওদের মধ্যে ঝামেলার সমাধান সহজে হবে বলে মনে হয় না। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ।

পাপন যোগ করেন, তাদের মাঠে কিংবা ড্রেসিং রুমে অবশ্যই কথা বলতে হবে। ড্রেসিং রুমের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর ছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। এই সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে) থেকে আমি ড্রেসিং রুমে পুরোপুরি পরিবর্তন চাই। এর বাইরে তাদের সম্পর্ক নিয়ে আমার কোনো উদ্বেগ নেই।

পাপন বলেন, দুজন অনেক অভিজ্ঞ। জুনিয়রদের আইকন। তাই মাঠের বাইরেও ওদের সংযত থাকা উচিত। সেটা হলে ড্রেসিংরুমের পরিবেশ উন্নতি হবে। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজ। সেখানে একজোট হয়ে পারফর্ম করা খুবই জরুরি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া হাথুরুসিংহের প্রসঙ্গে বোর্ড প্রধান বলেন, হাথুরুসিংহে আসার পর আমার মনে হচ্ছে নতুন কোনও একটা সমস্যা হতে পারে। আমি এখনই তা বলতে চাচ্ছি না। আমি আশা করছি সেই সমস্যাটা আর বড় হবে না। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমের পরিবেশ সুন্দর করতে হাথুরুসিংহে বড় ভূমিকা পালন করতে পারবেন। হাথুরু এসব প্রশ্রয় দেবেন না। হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, নয়তো তিনি চলে যাবেন, কারণ তিনি এমনই। তিনি যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিলেন এবং যে দলটি এখন পাচ্ছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও সম সংখ্যক টি-টিয়েন্টি খেলার জন্য ইতোমধ্যেই ঢাকায় চলে এসেছে জস বাটলারের দল। আগামী ১ মার্চ প্রথম একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে নতুন ঝড়ের ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেটে।