উইম্বলডনে ছেলেদের এককের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছেন এ মুহূর্তে বিশ্বের সেরা দুই খেলোয়াড় কার্লোস আলকারাজ ও নোভাক জোকোভিচ। তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী আলকারাজ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, আর জোকোভিচ অল-ইংল্যান্ড ক্লাবে শিরোপা জিতেছেন সাতবার। দুজনের লড়াই দিয়ে গতবারের ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে আজ।

আলকারাজ উইম্বলডনে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছেন। শুক্রবার রাতে প্রথম সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-৭ (১/৭), ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন তিনি। পরে দ্বিতীয় সেমিফাইনালে ইতালির ২২ বছর বয়সী লরেঞ্জো মুসেত্তিকে সরাসরি ৬-৪, ৭-৬ (৭/২), ৬-৪ গেমে হারিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা জোকোভিচ। এটা উইম্বলডনে তার দশম ও সব মিলিয়ে গ্র্যান্ড স্লামে ৩৭তম ফাইনাল!

গতবার পাঁচ সেটের এপিক ফাইনালে জোকোভিচকে ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে হারান আলকারাজ। ম্যাচটি স্থায়ী হয়েছিল ৪ ঘণ্টা ৪২ মিনিট। ফাইনালের প্রতিপক্ষ আলকারাজকে নিয়ে প্রশ্ন করা হলে জোকোভিচ বললেন, ‘অলরাউন্ড ভারসাম্য আছে এমন খেলোয়াড়ের উৎকৃষ্ট উদাহরণ সে। সে অনেক গ্র্যান্ড স্লাম জিতবে, কিন্তু আশা করি দুদিনের মধ্যে নয়। আমার অবসরের পর হয়তো সে এটা করতে পারবে।’

আলকারাজের চেয়ে ১৬ বছরের বড় জোকোভিচ আরো বলেন, ‘এখানে সে এরই মধ্যে আমাকে পাঁচ সেটের থ্রিলারে হারিয়েছে। কাজেই আবারো বড় এক লড়াইয়ের ভিন্ন কিছু আমি ভাবছি না। সে পরিপূর্ণ এক খেলোয়াড় হয়ে উঠেছে, কাজেই তাকে হারাতে হলে আমাকে সামর্থ্যের সর্বোচ্চটাই দিতে হবে।’

আজ জিতলে রজার ফেদেরারের আট উইম্বলডন জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন জোকোভিচ। সেই সঙ্গে মার্গারেট কোর্টকে (২৪ গ্র্যান্ড স্লাম শিরোপা) পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপার মালিকও হবেন। 

এদিকে, আজ দিনটি স্পেনের জন্য ‘পারফেক্ট সানডে’তে রূপ দিতে চান আলকারাজ। আজ রাতে ইউরো ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ইউরো ফাইনালের ৬ ঘণ্টা আগে উইম্বলডন ফাইনালে তিনি লড়বেন জোকোভিচের সঙ্গে। সেমিফাইনাল জয়ের পর আলকারাজ বলেন, ‘এটা (রোববার) স্প্যানিশ মানুষজনের জন্য দারুণ একটি দিন হবে। একজন স্প্যানিশ হিসেবে বলব, এটা পারফেক্ট এক রোববার হতে চলেছে।’