পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ সেশন উপহার দিলেন তাইজুল ইসলাম। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেটে ৭৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে পাকিস্তান। আজহার আলী ৬ ও বাবর আজম ৮ রানে অপরাজিত আছেন।

প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক নিয়ন্ত্রণ নিয়ে খেলছিলেন। এ জুটি পাকিস্তানকে নিয়ে যায় ৫৯ রান পর্যন্ত। ব্যক্তিগত ২৫ রানে শফিককে বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। এরপর আবিদকে ফেরান দলীয় ৭০ রানে। প্রথম টেস্টে দুর্দান্ত খেলা এই ওপেনার আজ ফিরেছেন ৩৯ রান করে। 

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অতিথিরা তাদের প্রথম টেস্টের একাদশ নিয়েই দ্বিতীয় টেস্টে নেমেছে। অন্য দিকে বাংলাদেশ একাদশে এনেছে তিনটি পরিবর্তন। আবু জায়েদ রাহী, সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি নেই এই টেস্টে। দলে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্টে বাংলাদেশের ৯১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। এছাড়া আড়াই বছর পর জাতীয় দলের জার্সিতে আবারো মাঠে নেমেছেন খালেদ আহমেদ।