প্যারিস অলিম্পিকে আজ বড় একটি দিন। মোট ২৫টি স্বর্ণের নিষ্পত্তি হবে আজ সপ্তম দিন। এছাড়া ফুটবলের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা।

 

আর্চারি মিশ্র দলগত ফাইনাল, অ্যাথলেটিকসে ১০ হাজার মিটার দৌড়, ব্যাডমিন্টনে মিশ্র দ্বৈত, ডাইভিংয়ে ছেলেদের ৩ মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড, ফেন্সিং, জুডো, রোয়িং, সেইলিং, শুটিং ছাড়াও সাঁতারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইল, মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির স্বর্ণের লড়াই আজ।

 

ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলির ফাইনালে নামছেন ফরাসি বিস্ময় সাঁতারু লিওঁ মারশাঁ। চতুর্থ স্বর্ণের খোঁজে নামছেন ২২ বছর বয়সী তারকা। এরই মধ্যে ৪০০ মিটার মেডলি, ২০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকের স্বর্ণ জিতেছেন তিনি।

 

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে নামছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রে শা’কারি রিচার্ডসন। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫০ মিনিটে শুরু হবে এই হিট। এই ইভেন্টে তার প্রতিদ্বন্দ্বী তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ফ্রেজার-প্রাইস নিজের পঞ্চম ও শেষ অলিম্পিক খেলবেন। আরেক জ্যামাইকান তারকা শেরিকা জ্যাকসন এই ইভেন্টে খেলবেন না জানিয়েছেন। ইনজুরির কারণে প্যারিস গেমসে খেলছেন না ১০০ ও ২০০ মিটারের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন এলাইন থম্পসন।   

 

বাংলাদেশ সময় রাত ১টায় ফুটবলের কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। এছাড়া সন্ধ্যা ৭টায় মরক্কো-যুক্তরাষ্ট্র, রাত ৯টায় জাপান-স্পেন ও রাত ১১টায় মিসর-প্যারাগুয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।