লিগ কাপ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ এক প্রকার  হাতছাড়া করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাকি ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। অবশেষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরে, ইউরোপের সেরা মঞ্চ থেকেও বিদায় নিয়েছে দলটি। প্রথমার্ধে রেনান লোদির একমাত্র গোলে জয় পায় অতিথিরা। এর আগে অ্যাতলেটিকোর মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। দুই লেগে মিলিয়ে ২-১ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাবটি।

এদিকে আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকার কাছে ঘরের মাঠে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ডাচ ক্লাব আয়াক্স। বেনফিকার মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়। দুই লেগে মিলিয়ে ২-৩ গোলে এগিয়ে থেকে শেষ আটে বেনফিকা।

আগের লেগেও হারের মুখে ছিল ম্যানইউ। তরুণ অ্যান্থনি অ্যালাঙ্গার গোলেই শেষ রক্ষা হয়েছিল। টিনএজ ফরোয়ার্ড এই ম্যাচেও ১২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট রুখে দিয়েছেন প্রতিপক্ষ গোলকিপার ইয়ান ওবলাক। এই অর্ধের মাঝামাঝি অ্যাতলেটিকোও জাল কাঁপিয়েছিল। কিন্তু জোয়াও ফেলিক্সকে অ্যাসিস্ট করা লরেন্তে অফসাইড পজিশনে থাকায় বাতিল হয়ে যায় তা।

সর্বশেষ ম্যাচ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ইউনাইটেড। শুরুর একাদশে ছিলেন ব্রুনো ফার্নান্দেস। বেঞ্চে থাকতে হয় পল পগবা ও মার্কাস র্যাশফোর্ডের।

পুরো ম্যাচে সিমিওনের দল রক্ষণাত্মক ও প্রতিআক্রমণ নির্ভর ফুটবলের প্রদর্শনী করলেও ম্যানইউ ছিল বাক্সবন্দী। গোলের জন্য যেরকম নিবেদন দরকার ছিল তা ছিল অনুপস্থিত। বিপরীতে সুযোগ পেয়ে ৪১ মিনিটে ঠিকই কাঙিক্ষত লিড নিয়ে নেয় সফরকারীরা। আঁতোয়া গ্রিজম্যানের ভাসানো ক্রস থেকে লাফানো হেডে জাল কাঁপিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদি। 

চ্যাম্পিয়নস লিগ থেকেও বিদায় নিশ্চিত হওয়ায় ম্যানইউর শিরোপা খরা অব্যাহত থাকলো প্রায় ৫টি বছর! এরই মধ্যে এফএ কাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে। প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যানসিটির কাছ থেকেও রয়েছে ২০ পয়েন্ট দূরে।